logo

ছোট বিষয়েও আবেগাপ্লুত হয়ে পড়তাম, শিশুর মতো কান্নাও পেত: তানিয়া বৃষ্টি

ছোট বিষয়েও আবেগাপ্লুত হয়ে পড়তাম, শিশুর মতো কান্নাও পেত: তানিয়া বৃষ্টি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সময় মোটেও তার সঙ্গ দিচ্ছে না। এ বছরের ফেব্রুয়ারি থেকে গুরুতর অসুস্থতায় ভুগছেন তিনি। অল্প সময়ের ব্যবধানে তার মস্তিষ্কে দ্বিতীয়বারের মতো টিউমারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সামাজিকমাধ্যমে নিজের তৃতীয়বার অপারেশনের ইঙ্গিত দেন তিনি।

এবারের ঈদেও ১০টি নাটকে দেখা গেছে তাকে। ঈদের নাটকে দর্শকের প্রশংসায় ভাসছেন তিনি। কিন্তু পর্দার এই সাফল্যের উচ্ছ্বাস থেকে অনেকটাই দূরে তিনি। হাসপাতালের বিছানায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন তানিয়া বৃষ্টি। সামনে তার আরেকটি বড় অস্ত্রোপচার।

বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তানিয়া বৃষ্টি। তিনি বলেন, অস্ত্রোপচারের পর মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছিলেন। ছোট কোনো বিষয়েও আবেগাপ্লুত হয়ে পড়তেন, এমনকি শিশুর মতো কান্নাও পেত। এখন কিছুটা উন্নতি হয়েছে, তবে চোখ ও নাকে কিছু সমস্যা রয়ে গেছে, দীর্ঘ সময় তাকিয়ে থাকতেও কষ্ট হয়। 

এদিকে ঈদে প্রচারিত তার নাটকগুলো দর্শকদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে। নিজের অভিনীত নাটক দেখার প্রসঙ্গে তানিয়া বলেন, ‘সুপ্তাদের বাড়ি’ নাটকের ট্রেলার দেখে তিনি আবেগ সামলাতে পারেননি। পুরো নাটক দেখার চেষ্টা করলেও মাথাব্যথা বেড়ে যাওয়ায় তা বন্ধ রাখতে হয়েছে। সুস্থ বোধ করলে আবার সব কাজ দেখার ইচ্ছা রয়েছে তার।

চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। পরে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে এবং দ্রুত অস্ত্রোপচার করা হয়। প্রথম সার্জারির পর কিছুদিন দেশে চিকিৎসাধীন থাকার পর গত ৯ মার্চ চিকিৎসার জন্য চেন্নাই যান তিনি। সেখানে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে আছেন, তবে সামনে রয়েছে আরও একটি তৃতীয় সার্জারি।

চিকিৎসকদের মতে, তৃতীয় সার্জারির আগে আরও কিছু সময় প্রস্তুতি প্রয়োজন। সবকিছু ঠিক থাকলে কয়েক মাসের মধ্যেই সেই অস্ত্রোপচার সম্পন্ন হবে। সব প্রতিকূলতা পেরিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তানিয়া বৃষ্টি।