কোন সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন বাপ্পারাজ

ঢালিউডে একসময় ব্যস্ত সময় পার করেছেন চিত্রনায়ক বাপ্পরাজ। বহু সিনেমায় অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করে নিলেও মাঝে লম্বা সময় ক্যামেরার সামনে আসেননি অভিনেতা। এরপর ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোড়ামন টু’-তে দেখা যায় তাকে। এ ছাড়া ওয়েব সিরিজ ‘রক্তঋণ’ ও আসন্ন সিনেমা ‘বিদায়’-এ নাম লেখালেও সেগুলো এখনও বাস্তবায়নের প্রস্তুতিতে নেই।
এবার জানা গেল, বিরতি কাটিয়ে আবারও পর্দায় ফিরছেন বাপ্পারাজ। মোহাম্মদ ইকবালের পরিচালনায় ‘গুলশানের চামেলি’ সিনেমায় অভিনয় করবেন তিনি। চলতি মাসের শুরুতেই জমকালো আয়োজনে মহরত অনুষ্ঠিত হয় সিনেমাটির।
তবে চলচ্চিত্রটিতে বাপ্পারাজের চরিত্র নিয়ে বিস্তারিত এখনই প্রকাশ করতে নারাজ নির্মাতা। এ প্রসঙ্গে ইকবাল জানান, চিত্রনাট্য ও চরিত্রের প্রয়োজনেই নির্বাচন করা হয়েছে বাপ্পারাজকে। শুধু তিনিই নন, ‘গুলশানের চামেলি’র মাধ্যমে বড় পর্দায় ফিরছেন চিত্রনায়ক আমিন খানও।
শুধু তাই নয়, সিনেমার বড় আকর্ষণ কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। এই ছবি দিয়েই ঢালিউডে অভিষেক হচ্ছে তার। এ ছাড়া সিনেমায় আরও অভিনয় করবেন রোজিনা, ওমর সানী ও আজমেরী হক বাঁধনসহ অনেকেই।
ক্ষমতার অপব্যবহার ও সমাজের অন্ধকার জীবনের বাস্তব গল্প নিয়ে সাজানো হয়েছে ‘গুলশানের চামেলি’ গল্প। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার। সবকিছু ঠিক ঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে নির্মাতার। আগামী বছরের যে কোনো এক ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ইকবাল-মধুমিতার ‘গুলশানের চামেলি’।


