বাচসাস নির্বাচন কাল, ভোটের মাঠে আবদুর রহমান-রাহাত সাইফুল পরিষদ

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২৮ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার (২০ নভেম্বর)। নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্যানেলের প্রার্থীদের পরিচিতি ও সদস্যদের সমর্থন চেয়ে পরিচিতি সভা করেছে আবদুর রহমান-রাহাত সাইফুল পরিষদ।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত এ পরিচিতি সভায় আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় প্রার্থীরা নিজেদের পরিচয় তুলে ধরার পাশাপাশি আসন্ন নির্বাচনে সদস্যদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সভায় সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
আসন্ন নির্বাচনে আবদুর রহমান-রাহাত সাইফুল পরিষদ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুর রহমান। সহসভাপতি পদে রয়েছেন রিমন মাহফুজ ও হামিদ মোহাম্মদ জসিম। সাধারণ সম্পাদক পদে লড়ছেন রাহাত সাইফুল, সহসাধারণ সম্পাদক আবু হুরায়রা মুরাদ এবং অর্থ সম্পাদক পদে সৈয়দা ফারজানা জামান রুম্পা।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মোস্তফা মতিহার, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক পদে রাশদ আনিস, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক পদে ইশরাত স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে পান্থ আফজাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমিনুর রহমান লিটন এবং দপ্তর সম্পাদক পদে মহিব আল হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাহী সদস্য পদে নির্বাচনে অংশ নিচ্ছেন রাজু আলীম, সালাম মাহমুদ, সফিকুল আলম মিলন, রুহুল সাখাওয়াত, হাফিজ রহমান, শাকিল হোসেন, মাজহার বাবু, সুকন্যা আমীর ও অরণ্য শোয়েব।
শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাচসাসের ২০২৬-২৮ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সংগঠনের সদস্যরা আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
