সালমান খানের জিমে আগুন

বিপদ যেন কাটছেই না বলিউড অভিনেতা সালমান খানের। কখনও হত্যার হুমকি পাচ্ছেন, কখনও শারীরিক অসুস্থতায় চেহারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তার। এবার জানা গেল, সালমানের জিমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর: আনন্দবাজার
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জিমের প্রথমতলায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী ও দিল্লি পুলিশ। তবে ঘটনাস্থলে দমকল পৌঁছানোর আগেই ভিতরে থাকা মানুষকে নিরাপদে বের করে নেয় পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই হয়তো আগুন লেগেছিল। সেই সঙ্গে এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর জানায়নি প্রশাসন।
পোশাক ব্র্যান্ডের পাশাপাশি ‘এসকে-২৭’ নামে জিমও রয়েছে সালমানের। এ ছাড়া ‘বিয়িং স্ট্রং’ নামে ব্যায়ামের মেশিনারিজের ব্র্যান্ডও আছে অভিনেতার। শারীরচর্চা এবং সুস্থ জীবনযাপনের প্রয়োজনীয়তা নিয়ে বহুবার কথা বলতে দেখা যায় তাকে। সম্প্রতি তার শারীরিক গঠনের আমূল পরিবর্তনের ছবিও নজর কাড়ে ভক্ত-অনুরাগীদের।


