বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে নির্মাতা আদনান আজাদ

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বেসরকারি উদ্যোগে নির্মিত প্যাকেজ অনুষ্ঠান প্রচারের আগে যাচাই-বাছাইয়ের জন্য গঠিত ‘বাংলাদেশ টেলিভিশন প্যাকেজ প্রিভিউ কমিটি’ পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন নির্মাতা ও অভিনেতা আদনান আজাদ।
বুধবার (৯ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ২০১৪ সালের ১০ ডিসেম্বর গঠিত কমিটির কাঠামো সংশোধন করে নতুন করে এটি পুনর্গঠন করা হয়েছে।
১৫ সদস্যের নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন। সদস্য হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি-২), সংস্কৃতিকর্মী সারমিনা বিনতে আমিন, অভিনেতা শহীদ শরীফ খান, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক ফারহানা চৌধুরী বেবী, অভিনেতা শহীদ আলী, নির্মাতা-অভিনেতা ও প্রযোজক খালেদ আহমেদ সোহেলিন, অভিনেতা এম সালাম মুনশি, নাট্যকার-পরিচালক ও প্রযোজক কাজী মো. খলিলুর রহমান, নাট্যকার ও প্রযোজক কামরুল হাসান দর্পণ, সংস্কৃতিকর্মী খালেদা এনাম মুনা, অভিনেতা ও নির্মাতা তাহরিন, অভিনেত্রী ও নির্মাতা জিয়াসমিন আজহার জাহান এবং নির্মাতা আদনান আজাদ।
কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা)।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির মূল দায়িত্ব হবে বেসরকারিভাবে নির্মিত বিভিন্ন অনুষ্ঠান যাচাই-বাছাই করে সেগুলো বিটিভিতে প্রচারের উপযোগী কি না, সে বিষয়ে সুপারিশ করা। কমিটির সভায় কোরাম পূর্ণ হবে অন্তত আটজন সদস্য উপস্থিত থাকলে।
এ ছাড়া সরকারি উদ্যোগে বিটিভির জন্য অনুষ্ঠান নির্মাণে কমিটির কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবেন না। তবে বিটিভির নিজস্ব কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ বা সম্পৃক্ততার ক্ষেত্রে কমিটির সভাপতির অনুমোদন নিতে হবে।
কোনো সদস্যপদ শূন্য হলে নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রস্তাব দিতে পারবেন বিটিভির মহাপরিচালক। জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হয়েছে।
নির্মাতা ও অভিনেতা হিসেবে আদনান আজাদের এই নতুন দায়িত্বকে দেশের টেলিভিশন ও নির্মাণ অঙ্গনে গুরুত্বপূর্ণ একটি সম্পৃক্ততা হিসেবে দেখা হচ্ছে।

