logo

বিজেপি ছাড়ায় রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি

বিজেপি ছাড়ায় রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। সিনেমার অঙ্গনেও রয়েছে তার দৃপ্ত পদচারণা। রাজনীতিতেও সক্রিয় কলকাতার এই অভিনেত্রী। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় ঝড় বয়ে যাচ্ছে রূপাঞ্জনার ওপর দিয়ে। একের পর এক কটূক্তির পাশাপাশি পাচ্ছেন ধর্ষণেরও হুমকি।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এরই মধ্যে তৃণমূল-বিজেপির লড়াইয়ের কেন্দ্রে পরিণত হয়েছেন রূপাঞ্জনা মিত্র। তৃণমূল কংগ্রেসে নাম লেখানোয় বিজেপির সমর্থকরা তাকে অশালীন গালাগাল করছেন। সামাজিকমাধ্যমে বিভিন্ন আপত্তিকর মন্তব্যের পরও তেমন একটা প্রতিক্রিয়া দেখাননি। তবে ধর্ষণের হুমকি পেয়েই ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি।

বিজেপির প্রতি ইঙ্গিত করে রূপাঞ্জনার অভিযোগ, ‘নারীর সুরক্ষা নিয়ে এত সরব বিজেপিই একজন নারীকে যেনতেনভাবে হেনস্তা করছে। সাচ্চা বাঙালিকে ভয় দেখাতে আসবেন না। আপনারা তো চোখ দিয়েই ধর্ষণ করে দেন। তারপর নির্লজ্জের মতো ধর্ষণ নিয়ে কথা বলেন।’

রাজনীতিতে দলবদল স্বাভাবিক ঘটনা হলেও রূপাঞ্জনার ক্ষেত্রে তা যেন ব্যক্তিগত সংঘাতে রূপ নিয়েছে। অভিনেত্রীর দাবি, রাজনৈতিক মতাদর্শ আলাদা হওয়ার কারণে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। অভিনেত্রী বিজেপির উদ্দেশে বলেন, ‘বিজেপির গুণ্ডা কালচার এমনই। যারা আমাকে আক্রমণ করেছেন, তাদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ দায়ের করছি। পশ্চিমবঙ্গকে কখনোই উত্তর প্রদেশ, মণিপুর বা গুজরাট হতে দেব না।’

সম্প্রতি ইডি কর্তৃক প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির ঘটনায় রূপাঞ্জনা বিজেপিকে নিয়ে সোচ্চার হন। সোশ্যাল মিডিয়ায় তিনি বিজেপিকে ‘ইংরেজের দালাল’, ‘স্যাডিস্ট’ এবং ‘ফ্যাসিস্ট’ বলে তোপ দেগেছিলেন। সম্ভবত সেই পুরোনো ক্ষোভ থেকেই রূপাঞ্জনাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে।

এত কিছুর পরও রূপাঞ্জনা মিত্রের ঝাঁঝালো অবস্থান বুঝিয়ে দিচ্ছে, রাজনৈতিক দলবদলের পর তিনি কোনোভাবেই চুপ করে থাকার পাত্রী নন। বিজেপি ও তার সমর্থকদের কড়া প্রতিক্রিয়ায় রাজ্য রাজনীতি এখন নতুন মোড় নিচ্ছে।