logo
Advertisement

প্রেক্ষাগৃহে আসছে ‘ভালোবাসি তোমায়’, প্রকাশ পেল ট্রেইলার

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
প্রেক্ষাগৃহে আসছে ‘ভালোবাসি তোমায়’, প্রকাশ পেল ট্রেইলার

বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছানোর পর অবশেষে প্রেক্ষাগৃহে আসছে রোমান্টিক ঘরানার চলচ্চিত্র ‘ভালোবাসি তোমায়’। আগামী ১১ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে চলচ্চিত্রটির অফিসিয়াল ট্রেইলার। পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে ট্রেইলার প্রকাশ ও প্রমোশন অনুষ্ঠান।

Advertisement

মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনা ও ভাবনায় নির্মিত হয়েছে ‘ভালোবাসি তোমায়’। সিনেমাটিতে প্রধান চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা শিরিন শিলা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে প্রবীণ অভিনেতা কাজী হায়াৎকেও।

মজুমদার ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন ফারুক হোসেন মজুমদার। পরিচালনার দায়িত্বে রয়েছেন আবুল হোসেন মজুমদার। সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনোয়ার শিকদার।

মুক্তির আগে থেকেই ‘ভালোবাসি তোমায়’ নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে সিনেমাটির গান ও ট্রেইলার প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে চলচ্চিত্রটি। ট্রেইলারে রোমান্টিক গল্পের পাশাপাশি সম্পর্কের টানাপোড়েন ও আবেগঘন মুহূর্তের আভাস মিলেছে।

নির্মাতাদের প্রত্যাশা, মুক্তির পর দর্শকদের কাছে সিনেমাটি গ্রহণযোগ্যতা পাবে। দীর্ঘ অপেক্ষার পর ১১ সেপ্টেম্বর বড় পর্দায় ‘ভালোবাসি তোমায়’ কতটা সাড়া জাগাতে পারে, এখন সেটিই দেখার বিষয়।