logo

যে যত বেশি গালি দিতে পারবে, সে তত বেশি সওয়াব পাবে: নিলয়

যে যত বেশি গালি দিতে পারবে, সে তত বেশি সওয়াব পাবে: নিলয়

বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। একের পর এক ভিন্ন ঘরানার গল্পের নাটকে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করছে। বলা চলে নতুন নতুন নাটক নিয়ে যেন দম ফেলার সময় নেই তার। কাজের পাশাপাশি একজন পশুপ্রেমীও নিলয় আলমগীর। কুকুর, বিড়ালের প্রতি রয়েছে তার ভীষণ ভালোবাসা।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কুকুর হত্যার ঘটনা নিয়েও সরব হয়েছেন। কয়েক দিন আগে বাগেরহাটে কুমিরের আক্রমণে মারা যায় একটি কুকুর। এ নিয়েও সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন এই নায়ক।

সবকিছু ঠিকই ছিল। কিন্তু এসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করায় আক্রমণের শিকার হয়েছেন নিলয়। কারণ, এসব পোস্টে নেটিজেনদের একটি অংশ গালিগালাজ করছেন। আর তা নিয়ে নতুন করে একটি স্ট্যাটাস দিয়েছেন এই তারকা। 

নিলয় আলমগীর বলেন, কুকুরের সমস‍্যা নিয়ে কিছু পোস্ট করলেই একদল মানুষ ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ করার জন‍্য। মা-বাবা তুলে গালি দিতেও ভুল করে না। ব‍্যাপারটা এমন যে, যে যত বেশি গালি দিতে পারবে; মনে হয় সে তত বেশি সওয়াব পাবে। কারণ, যারা গালি দেয় তারা প্রত‍্যেকেই মুসলিম।

গালি কেন দিচ্ছে, তারও ব্যাখ্যা করেছেন নিলয় আলমগীর। তিনি বলেন, তাদের ধারণা আমি সারাদিন কুকুর নিয়ে পড়ে থাকি। মানুষকে কোনো গুরুত্ব দিই না। আপনার সম্পর্কে না জেনেই বলতে পারি, আমি আপনার থেকে মানুষকে বেশি সাহায‍্য করি। মানুষ তার সমস‍্যার কথা বলতে পারে, ফেসবুকে লিখতে পারে। কিন্তু কুকুর পারে না। তাই কুকুরের পক্ষ থেকে আমি লিখি।

যারা অকথ্য ভাষায় গালাগালি করেন, তাদের জবাব দেন না নিলয় আলমগীর। তিনি বলেন, কুকুরের পোস্টে যারা গালাগালি করেন, তাদের আমি সাধারণত রিপ্লাই দিই না। কারণ, আমার রিপ্লাই দেওয়া না দেওয়াতে আপনি আপনার মনোভাব চেঞ্জ করবেন না। তাই রিপ্লাই দেওয়াটাই বৃথা। আপনাকে রিপ্লাই দিলে আপনার বা কুকুরের কোনো লাভ হবে না।

সবশেষ  নিলয় আলমগীর বলেন, আপনার জন‍্য দোয়া করি মহান আল্লাহ যেন আপনাকে বোঝার তৌফিক দেন, অন‍্যকে সম্মান করার যোগ‍্যতা দেন, পৃথিবীর কোনো একটা উপকারে আসার সামর্থ‍্য দেন, আমিন।