Advertisement

অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন

এশিয়া পোস্ট নিউজ
অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন
অভিনেত্রী রিনা রহমান। ছবি : সংগৃহীত

ছোট ও বড়পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’ সামাজিক মাধ্যমে এক শোকবার্তার মাধ্যমে রিনা রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

সংগঠনটির পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার মধ্যেও তিনি অভিনয় চালিয়ে গিয়েছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতির কারণে সম্প্রতি নিয়মিত কাজ থেকে কিছুটা বিরতি নিতে বাধ্য হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’–তে অভিনয় করছিলেন।

দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেন রিনা রহমান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬) এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’।