টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারের হোটেল সুপারস্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ইমাম হোসেন ইমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন অল ব্রডকাস্ট কমিউনিটির (এবিসি) প্রেসিডেন্ট চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরি, এনবিএর সেক্রেটারি রাইসুল হক চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক আশিক তমাল। অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সংগঠনের নেতারা।
সভায় সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, দেশের টেলিভিশন মেকআপ শিল্পকে আরও সমৃদ্ধ, আধুনিক ও পেশাদার পর্যায়ে নিয়ে যেতে সব সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে সংগঠনের অগ্রযাত্রাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতা ও সদস্যরা। একই সঙ্গে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আশা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং টেলিভিশন মেকআপ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সদস্যরা।






