logo

কোন দলে ভোট দেবেন জানালেন ওমর সানী

কোন দলে ভোট দেবেন জানালেন ওমর সানী

আসছে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে। ইতোমধ্যে সরকারও ঘোষণা করেছে সাধারণ ছুটি। যার ফলে সাধারণ জনগণসহ সবার মধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। যে আমেজ লেগেছে তারকাদের মধ্যেও। 

নির্বাচন সামনে রেখে তারকাদের রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা নতুন কিছু নয়। তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে ঢালিউড অভিনেতা ওমর সানী। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানান, তিনি ভোট দেবেন ধানের শীষ প্রতীকে। আর এতেই শুরু হয় নেটিজেনদের পক্ষে-বিপক্ষে মন্তব্যের ঝড়।

ঘোষণার পরপরই কেউ কেউ অভিনেতার সিদ্ধান্তকে ব্যক্তিগত মতামত হিসেবে স্বাগত জানান। আবার একদল নেটিজেন পুরোনো প্রসঙ্গ টেনে এনে প্রশ্ন তোলেন তার রাজনৈতিক অবস্থান নিয়ে। আলোচনায় আসে স্ত্রী অভিনেত্রী মৌসুমীর নামও।

কয়েক বছর আগে তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন যদিও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেননি।

এর আগেও রাজনৈতিক কারণে আলোচনায় এসেছিলেন ওমর সানী। গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পক্ষে ভিডিও বার্তায় ভোট চেয়েছিলেন তিনি। সেই বার্তায় অভিনেতা বলেছিলেন, রনি ভাই অনেক পরিশ্রমী মানুষ। ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন, ইনশা আল্লাহ তিনি বিজয়ী হবেন। 

অভিনয়জীবনের বাইরে ব্যক্তিগত মতামত ও সামাজিক অবস্থান নিয়েও মাঝেমধ্যে আলোচনায় আসেন ওমর সানী। তবে এবারের মন্তব্যে স্পষ্ট রাজনৈতিক পছন্দ নিয়ে প্রশ্নের মুখে পড়লেও নিজের অবস্থান থেকে একচুলও নড়ছেন না তিনি।

ওমর সানী ১৯৯২ সালে নুর হোসেন বলাই পরিচালিত ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘চাঁদের আলো’, ‘দোলা’, ‘আখেরি হামলা’ এবং ‘মহৎ’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।

সর্বশেষ তাকে ‘ডেডবডি’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে নিজের নানারকম ব্যবসায়িক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন।