জোলির সঙ্গে বিরোধের মধ্যেই ব্র্যাড পিটের গোপন বিয়ে

হলিউডের অন্যতম সুদর্শন তারকা ব্র্যাড পিট তিন দশকের বেশি সময় ধরে মাতিয়ে যাচ্ছেন সিনেপর্দা। সুন্দরী নায়িকাদের প্রতি দুর্বলতাও সব সময় তাকে রাখে আলোচনার কেন্দ্রে। ২০১৬ সালে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর বিভিন্ন বিষয়ে চলছে আইনি লড়াই। এরই মধ্যে গুঞ্জন উঠেছে ২৯ বছরের ছোট নতুন বান্ধবী ইনেস ডি র্যামনকে গোপনে বিয়ে করেছেন হলিউড সুপারস্টার।
ব্র্যাড পিট ও তার প্রেমিকা ইনেস ডি র্যামনকে নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল বিনোদন অঙ্গনে। সম্প্রতি হাত ধরে গ্রিসের রাস্তায় দাপিয়ে বেড়াতে দেখা গেছে তাদের। জোলির সঙ্গে বিচ্ছেদের ছয় বছর পর ইনেসের সঙ্গে সম্পর্কে জড়ান ‘এফওয়ান’ তারকা। এরই মধ্যে এই জুটি নাকি গোপনে বিয়ের পর্ব সেরে ফেলেছেন—এমন গুঞ্জনে মাতোয়ারা হলিউডপাড়া।
‘রাডারঅনলাইন’-এর একটি প্রতিবেদন অনুসারে, ব্র্যাড ও ইননেস স্বীকার না করলেও বিবাহিত দম্পতির মতোই বসবাস করছেন। এমনকি ঘনিষ্ঠ মহলে ব্র্যাড ইনেসকে নিজের ‘স্ত্রী’ বলেও সম্বোধন করেছেন। সূত্র: টাইমস এন্টারটেইনমেন্ট
ব্র্যাড পিটের পারিবারিক এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘ব্র্যাড ও ইনেস সব দিক থেকেই বিবাহিত দম্পতির মতো। তারা একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করে এবং তারা একে অপরের আত্মিক সঙ্গী।’
জেনিফার অ্যানিস্টন ও অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে দুটি হাই-প্রোফাইল ডিভোর্সের পর ব্র্যাডের কাছে বিয়ে এখন কিছুটা খেলনার মতো। জমকালো ও আইনি বিয়ের জন্য ইনেসও তাকে কোনো চাপ দিচ্ছেন না। তবে শোনা যাচ্ছে, তারা খুব শিগগির আইনিভাবে গাঁটছড়া বাঁধতে পারেন। সেক্ষেত্রে ব্র্যাড নিজের সম্পত্তি রক্ষার্থে একটি প্রাক-বিবাহ চুক্তি করতে পারেন।
সাবেক স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ব্র্যাডের আইনি লড়াই এখনও চলছে। এরই মধ্যে তাদের ছয় সন্তানের মধ্যে ম্যাডক্স, জাহারা, শাইলো এবং ভিভিয়েন তাদের নামের শেষ থেকে ‘পিট’ পদবিটি বাদ দিয়েছেন। সন্তানদের সঙ্গে এই দূরত্বের মধ্যেই ব্র্যাড ইনেসের সঙ্গে নতুন করে পরিবার বাড়াতে আগ্রহী বলে জানা গেছে।





