Advertisement

বড় পর্দায় ফিরছেন এলিজাবেথ মস

এশিয়া পোস্ট বিনোদন
বড় পর্দায় ফিরছেন এলিজাবেথ মস
আমেরিকান অভিনেত্রী এলিজাবেথ মস

আমেরিকান অভিনেত্রী ও প্রযোজক এলিজাবেথ মস আবারও ফিরছেন সিনেমার পর্দায়। নব্বই দশকের বিশ্বব্যাপী ঝড় তোলা বয় ব্যান্ডের নস্টালজিয়া ফেরাচ্ছেন এই অভিনেত্রী। জনপ্রিয় লেখিকা এমা স্ট্রবের সদ্য প্রকাশিত সাড়া জাগানো উপন্যাস ‘আমেরিকান ফ্যান্টাসি’ এবার আসছে বড় পর্দায়! এর মূল চরিত্রে থাকবেন ‘ম্যাড ম্যান’ ও ‘দ্য হ্যান্ডমেইডস টেল’ খ্যাত তারকা এলিজাবেথ মস।

২০২৬ সালের এপ্রিলে প্রকাশিত এই উপন্যাসের গল্পটি অ্যানি নামের এক সদ্য বিবাহবিচ্ছেদ হওয়া নারীকে কেন্দ্র করে। নিজের একঘেয়ে জীবন থেকে বাঁচতে সে পাড়ি জমায় এক অদ্ভুত ক্রুজে। সেই ক্রুজের মূল আকর্ষণ ছিল নব্বইয়ের দশকের একটি জনপ্রিয় বয় ব্যান্ড, যা ছিল অ্যানির কৈশোরের ক্রাশ! এই নস্টালজিক সফরটি অ্যানিকে নতুন করে ভাবিয়ে তোলে— সে অতীতে কেমন ছিল আর ভবিষ্যতে নিজেকে কেমন দেখতে চায়।

এক যৌথ বিবৃতিতে এলিজাবেথ মস ও পরিচালক ম্যাকম্যানাস বলেন, ‘ভক্ত হওয়ার এই পাগলামি ও রসবোধ এমা এত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন যে, উপন্যাসটি পড়ার পর পরই আমরা এটিকে পর্দায় আনার সিদ্ধান্ত নিই।’ সূত্র: হলিউড রিপোর্টার

সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও থাকছেন মস ও ম্যাকম্যানাস। আর নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন স্বয়ং লেখিকা এমা স্ট্রব।

‘শেল’ (২০২৪) সিনেমার পর বড় পর্দায় এলিজাবেথ মসের এই রাজকীয় প্রত্যাবর্তন বিনোদন দুনিয়ায় বেশ সাড়া ফেলেছে। নস্টালজিয়া আর আত্মআবিষ্কারের এই গল্প দর্শকদের মন জয় করবে, তা বলাই বাহুল্য!