দীপিকার পরিবের্তে চূড়ান্ত সাই পল্লবী

দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী এখন সাফল্যের চূড়ায়। একের পর এক বড় প্রজেক্টে নাম লেখাচ্ছেন তিনি। ‘রামায়ণ’ ছবিতে সীতার ভূমিকায় চুক্তিবদ্ধ হওয়ার খবরের পর, এবার আরও এক বড় চমক। নাগ অশ্বিন পরিচালিত বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘কাল্কি ২’-এ দীপিকা পাড়ুকোনের পরিবর্তে চূড়ান্ত করা হয়েছে সাই পল্লবীকে। খবর: বলিউড হাঙ্গামা
ছবির একটি ঘনিষ্ঠ সূত্র এই কাস্টিং পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে ভারতীয় এই গণমাধ্যমে জানিয়েছে, দীপিকা সরে দাঁড়ানোর পর চরিত্রটি বাদ দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। বরং দ্রুতই নতুন মুখ খোঁজা শুরু হয়, এবং শেষ পর্যন্ত সেই ভূমিকায় নির্বাচিত হন সাই পল্লবী।
প্রথম কিস্তিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। তবে শোনা যাচ্ছে, সিক্যুয়েলের পারিশ্রমিক ও কাজের সময়সূচি নিয়ে মতপার্থক্যের জেরেই তিনি প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। একটি সূত্রের দাবি, প্রথম ছবির তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি পারিশ্রমিক চেয়েছিলেন অভিনেত্রী। পাশাপাশি নতুন মা হিসেবে ব্যক্তিগত দায়িত্ব সামলাতে নির্দিষ্ট সময়সূচির শর্তও দিয়েছিলেন তিনি। প্রযোজনা সংস্থার সঙ্গে শর্তে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত প্রকল্প ছাড়েন দীপিকা।
ভারতের হায়দ্রাবাদে এরই মধ্যে ‘কল্কি ২’ সিনেমার শুটিং সেটে বসেছে। সেখানে অমিতাভ বচ্চন ও কমল হাসানকে শুটিং করতেও দেখা গিয়েছে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রভাস। সিনেমাটি মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। পৌরাণিক বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পায় ২০২৪ সালে। এবার আসছে দ্বিতীয় কিস্তি। চিত্রনাট্য লেখার পাশাপাশি এটি পরিচবালনা করেন নাগ অশ্বিন।
সাই পল্লবীর ঝুলিতে রয়েছে একাধিক বড় কাজ। তিনি শিগগিরই জুনাইদ খান-এর বিপরীতে ‘এক দিন’ ছবিতে অভিনয় করবেন।