অঙ্কিতাকে হেনস্তার অভিযোগে পরিচালককে আইনি নোটিশ

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী কাস্টিং কাউচের বিরুদ্ধে আবারও সরব হলেন। বিনোদন ভুবনে সাম্প্রতিক সময়ে কাস্টিং কাউচ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। প্রখ্যাত পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে তিনি যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। এবার আইনি নোটিশ পাঠানোর পাশাপাশি সংবাদ সম্মেলনে বিষয়টি খোলাসা করলেন।
হেনস্তার সেই ঘটনা অবশ্য পাঁচ বছর আগের। সোমবার (১৮ মে) এক সংবাদ সম্মেলনে সেই অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা দিলেন অভিনেত্রী। ওই সময় পরিচালক দেবালয় কাজের সুযোগের প্রলোভনে মানসিক ও শারীরিক হেনস্তা করেছেন। এমনকি এক পার্টিতে প্রকাশ্যে চুমু খাওয়ার চেষ্টাও করেন। এমন অভিযোগ আগেই এনেছিলেন অঙ্কিতা। সূত্র: এইসময় অনলাইন
অঙ্কিতার অভিযোগ, ২০২০ সালে দেবালয় পরিচালিত ‘পবিত্র পাপী’ সিরিজে অভিনয় করেন তিনি। অভিনেত্রীর দাবি, ২০২১ সালে সেই সিরিজের সাকসেস পার্টিতেই দেবালয় তাকে জোর করে চুম্বনের চেষ্টা করেন। এ ছাড়া বিভিন্ন সময় কাজের প্রলোভনে নানা কুপ্রস্তাব দেন।
সপ্তাহখানেক আগে সোশ্যাল মিডিয়ায় পরিচালক দেবালয় ভট্টাচার্যের একটি পোস্টকে কেন্দ্র করে। এবার সেসব ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। পাঁচ বছর আগের একটি ঘটনায় কেন এতদিন মুখ খোলেননি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আসলে তখন বলিনি কারণ সেই সময় আমার কোনো কাজ ছিল না। তখন যদি বলতাম সবাই ভাবত আমি প্রচার পাওয়ার জন্য এসব বলছি। তবে আমাকে এতদিন এই ঘটনাটা ভীষণ ট্রিগার করেছে।’
দেবালয়কে পাঠানো আইনি নোটিশে পরিচালককে ৭ দিনের মধ্যে প্রকাশ্যে অঙ্কিতার কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। ক্ষমা না চাইলে হরিদেবপুর থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। এ ছাড়াও অঙ্কিতা আর্টিস্ট ফোরাম, ইমপা, ডিরেক্টরস গিল্ড ও মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইবেন।
অঙ্কিতার অভিযোগের প্রতিক্রিয়ায় দেবালয়ের ভাষ্য, ‘আমার কাছে কোনো আইনি নোটিশ এসে পৌঁছায়নি। আমিও পুরো বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করব।’
