logo

‘প্রিন্সের আগমনে এবার কাঁপবে সারাদেশ’

‘প্রিন্সের আগমনে এবার কাঁপবে সারাদেশ’

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের মেগাস্টার তিনি। প্রযোজক থেকে শুরু করে নির্মাতাদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। অনেক প্রযোজকই তাকে ছাড়া সিনেমা নির্মাণে ঝুঁকি নিতে চান না। বলছি শাকিব খানের কথা।

নতুন লুকে, নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন শাকিব খান। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদে মুক্তির টার্গেট করে প্রকাশিত ‘প্রিন্স’ সিনেমার ফার্স্টলুকের পোস্টার প্রকাশ পেয়েছে। 

যেখানে শাকিব খানকে দেখা গেছে মুখভর্তি দাঁড়ি, লম্বা চুল ও চোখে সানগ্লাস, হাতে ধরে আছেন একেবারে ইউনিক ডিজাইনের বড় মিউজিক্যাল বন্দুক! পরনে কালো গাউন, মারকাটারি অ্যাকশন লুকে।

প্রকাশিত এই ফার্স্টলুকে নজর কেড়েছেন মেগাস্টার। এর মাধ্যমে সিনেমার শাকিবের চরিত্রের শক্ত ইঙ্গিত পাওয়া গেল। বোঝা গেল, তিনি একজন গ্যাংস্টার চরিত্রে হাজির হচ্ছেন। একই সঙ্গে মোশন লুক ইঙ্গিত দিচ্ছে, এ যাবৎকালের অন্যতম বড় আয়োজনের অ্যাকশন ছবি হতে যাচ্ছে ‘প্রিন্স’। 

সোশ্যাল মিডিয়ায় শাকিবের লুক প্রকাশ করে এর ক্যাপশনে সংশ্লিষ্টরা বলছেন, সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে। লুকটি উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।   

এদিকে শাকিব খানও ছবি ফার্স্টলুকের পোস্টার নিজের ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, একটা শহর, একটা উপাখ্যান—প্রিন্সের আগমনে এবার কাঁপবে সারাদেশ। 

শিরিন সুলতানার প্রযোজনায়, ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে শ্রীলঙ্কায় ‘প্রিন্স’ ছবির কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে বাকি কাজ শেষ করার জোর চেষ্টা চালাচ্ছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। 

‘প্রিন্স’ ছবি ট্যাগ লাইন ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। এতে শাকিব ছাড়া আরও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু ও সাবিলা নূর। আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ, শরীফ সিরাজ প্রমুখ। 

শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল, ‘প্রিন্স’ নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনীনির্ভর! তবে নির্মাতা হায়াত আগেই পরিষ্কার করেন, ‘প্রিন্স’ কোনো ব্যক্তির জীবনী নয়। এটা স্রেফ গুজব ছাড়া কিছু নয়। তিনি বলেন, এটি বড় আয়োজনের কমার্শিয়াল ছবি।