যেসব চরিত্র আজও গেঁথে আছে হৃদয়ে

হলিউড—বিশ্বব্যাপী সিনেমাপ্রেমীদের জন্য এক আবেদনের নাম। সিনেমা জগতের এক অপ্রতিদ্বন্দ্বী ইন্ডাস্ট্রি। বিশাল বাজেট, উন্নত প্রযুক্তি ও ভিএফএক্স, নিত্যনতুন বৈচিত্র্যময় গল্প দিয়ে হলিউড বিশ্বব্যাপী দর্শক ও অনুসারীদের চিত্তকে করে তুলছে বিনোদিত। যুগ যুগ ধরে হাজারো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে এই ইন্ডাস্ট্রি। হলিউডের সিনেমায় এমন কিছু চরিত্র রয়েছে যেগুলো সিনেপ্রেমীদের হৃদয়ে এখনো স্থায়ী আসন গেড়ে রয়েছে। প্রতিনিয়ত সেসব চরিত্র উঁকি দেয় মানসপটে। কিছু কিছু চরিত্র এতটাই জনপ্রিয় যে, সামাজিক জীবনেও সেসব চরিত্রের প্রভাব পড়ে গভীরভাবে। এসব চরিত্রে অভিনয় করা শিল্পীরা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। অভিনয়শৈলী, পেশাদারিত্ব ও রোমাঞ্চকর উপস্থাপনের দর্শককে চরিত্রের ভেতর ডুবিয়ে রাখার ক্ষমতা সবার হয় না। কিছু চরিত্র দর্শকহৃদয়ে অমলিন। এমন কয়েকটি চরিত্র ও অভিনেতাদের নিয়েই এবারের আয়োজন।
১. ডেরেক ভিনইয়ার্ড
অভিনেতা: এডওয়ার্ড নর্টন
চলচ্চিত্র: আমেরিকান হিস্ট্রি এক্স
১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘আমেরিকান হিস্ট্রি এক্স’-এ ডেরেক ভিনইয়ার্ড চরিত্রটি সিনেমার ইতিহাসের অন্যতম সেরা একটি চরিত্র হিসেবেই বিবেচিত। কৃষ্ণাঙ্গ বন্ধু ও বন্দিদের সঙ্গে শ্বেতাঙ্গের নানা টানাপোড়েন উঠে আসে। আমেরিকান অভিনেতা এডওয়ার্ড নর্টন চরিত্রটি অসাধারণভাবে পর্দায় ফুটিয়ে তোলেন।
২. ফরেস্ট গাম্প
অভিনেতা: টম হ্যাঙ্কস
চলচ্চিত্র: ফরেস্ট গাম্প
বুদ্ধিবৃত্তিক সীমাবদ্ধতা সত্ত্বেও দয়ালু, সাহসী ও জীবনের প্রতি ইতিবাচক মনোভাব রাখা এক চরিত্র দিয়ে ইতিহাসে অমর হয়ে আছে ফরেস্ট গাম্প। ‘ফরেস্ট গাম্প’ সিনেমার নামচরিত্রে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটির এই চরিত্র ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ মুহূর্তের সঙ্গে জড়িয়ে পড়ে।
৩. টাইলার ডার্ডেন
অভিনেতা: ব্র্যাড পিট
চলচ্চিত্র: ফাইট ক্লাব
চাকরিহারা, জীবনযাত্রায় অসন্তুষ্ট এক ব্যক্তি সাবান বিক্রেতা টাইলার ডার্ডেনকে নিয়ে গড়ে তোলেন একটি ‘ফাইট ক্লাব’। সেখানেই নানা ঘাত-প্রতিঘাতে এগিয়ে যায় জীবন। ১৯৯৯ সালে ‘ফাইট ক্লাব’ মুভিতে অনবদ্য অভিনয় করে ব্র্যাড পিট মানুষের মনে স্থায়ী আসন করে নেন।
৪. জোকার
অভিনেতা: হিথ লেজার
চলচ্চিত্র: দ্য ডার্ক নাইট
খলনায়কের ভূমিকায় অভিনয় করেও যে দর্শকপ্রিয়তার চূড়ান্তে যাওয়া যায়, তা প্রথম দেখিয়েছে জোকার চরিত্রটি। অভিনেতা হিথ লেজার ২০০৮ সালে ‘দ্য ডার্ক নাইটে’ এই আইকনিক ভিলেন চরিত্রটি করেন।
৫. রকি বালবোয়া
অভিনেতা: সিলভেস্টার স্ট্যালোন
চলচ্চিত্র: রকি
হলিউড কিংবদন্তি সিলভেস্টার স্ট্যালোন লাইমলাইটে উঠে এসেছেন রকি চরিত্র দিয়ে। এতে বালবোয়াকে মুষ্ঠিযুদ্ধ থেকে অবসর নেওয়া এক বিপত্নীক চরিত্রে দেখা গেছে। রকি সিরিজ দিয়ে স্ট্যালোন হলিউডে স্থান পাকাপাক্তে করেন।
৬. ডন ভিটো করলিয়নে
অভিনেতা: মারলন ব্র্যান্ডো
চলচ্চিত্র: গডফাদার
ভয়ংকর গ্যাংস্টার সে। তবে ডন ভিটোকে যতটা না ভয় পেত মানুষ, তার চেয়ে বেশি ছিল প্রিয় ও শ্রদ্ধার পাত্র। হলিউডের অন্যতম সেরা সিনেমা ‘গডফাদার’-এর প্রধান চরিত্রটিতে অভিনয় করেন মারলন ব্র্যান্ডো। আইকনিক এ চরিত্রটি এখনো সিনেপ্রেমীদের হৃদয়ে দাগ কেটে আছে।
৭. ড. হ্যানিবল লেকটার
অভিনেতা: অ্যান্থনি হপকিন্স
চলচ্চিত্র: সাইলেন্স অব দ্য ল্যাম্বস
ড. হ্যানিবাল লেকটার ছিল একজন নরমাংসভোজী সিরিয়াল কিলার ও প্রাক্তন ফরেনসিক মনোরোগ বিশেষজ্ঞ। তবে পুলিশ তাকে কাজে লাগায় সিরিয়াল কিলারদের খুঁজে বের করতে। ‘সাইলেন্স অব দ্য ল্যাম্বসে’র বিখ্যাত এই চরিত্রে অভিনয় করেন অ্যান্থনি হপকিন্স।
৮. আব্রাহাম লিংকন
অভিনেতা: ড্যানিয়েল ডে লুইস
চলচ্চিত্র: লিংকন
ড্যানিয়েল ডি লুইস তার লিংকন চলচ্চিত্রে ফুটিয়ে তুলেছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের চরিত্র। এ চরিত্রের জন্য তিনি অস্কার পুরস্কার পান। সিনে ইতিহাসে চরিত্রটি অমর হয়ে আছে।
৯. ক্যাপ্টেন জ্যাক স্প্যারো
অভিনেতা: জনি ডেপ
চলচ্চিত্র: পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান
জ্যাক স্প্যারো ব্ল্যাক পার্লের জলদস্যু ক্যাপ্টেন। সমুদ্রের গর্জনের সঙ্গে তার মিতালি। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান‘ সিনেমায় এই দুর্ধর্ষ চরিত্রে অভিনয় করেন জনি ডেপ। চরিত্রটি এরই মধ্যে চলচ্চিত্র ইতিহাসের আইকনিক চরিত্রগুলোর একটি হয়ে উঠেছে।
১০. চার্লি চ্যাপলিন
অভিনেতা: রবার্ট ডাউনি
চলচ্চিত্র: চ্যাপলিন
রুপালি পর্দার বিখ্যাত কমেডি চরিত্র চার্লি চ্যাপলিন। রবার্ট ডাউনি এ চরিত্র দিয়ে সিনেমায় কমেডিকে আলাদাভাবে উপস্থাপন করেন। সমাজের নানা অসংগতি ও কাহিনিকে চার্লি চ্যাপলিন চরিত্রটির মাধ্যমে পর্দায় ফুটিয়ে তুলেছেন রবার্ট ডাউনি।








