জুন মাসের হলিউড ধামাকা

নস্টালজিয়া, অ্যাকশন আর সুপারহিরোদের মহাকাব্যিক লড়াই নিয়ে হাজির হচ্ছে চলতি বছরের জুন মাস। বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের জন্য হলিউড সাজিয়েছে এক রাজকীয় আয়োজন। অ্যানিমেশনের রঙিন দুনিয়া থেকে শুরু করে সাই-ফাই মিস্ট্রি কিংবা চেনা সুপারহিরোর অচেনা রূপ—সব স্বাদ মিলবে একই মাসে। আপনি যদি উডি আর বাজের সঙ্গে শৈশবে ফিরতে চান, কিংবা ডিসি ইউনিভার্সের নতুন কোনো চমক দেখতে মুখিয়ে থাকেন, তবে এই জুন আপনার জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে যাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক, প্রেক্ষাগৃহে ঝড় তুলতে কোন সিনেমাগুলো ধামাকা নিয়ে অপেক্ষা করছে এই মাসে।
‘দ্য ডেথ অব রবিন হুড’

রবিন হুডের বীরত্ব ছাপিয়ে এবার পর্দায় আসছে তার জীবনের এক অন্ধকার ও নির্মম অধ্যায়। পরিচালক মাইকেল সার্নোস্কির পরিচালনায় ‘দ্য ডেথ অব রবিন হুড’-এ এক বৃদ্ধ এবং সমাজবিচ্ছিন্ন রবিন হুডকে দেখা যাবে। জনপ্রিয় তারকা হিউ জ্যাকম্যান নামভূমিকায় থাকবেন। একসময়ের মহান এই নায়ককে জীবনের শেষ দিনগুলোতে এক নিষ্ঠুর অপরাধী হিসেবে আবিষ্কার করা হবে, যে একদা জড়িয়ে ছিল চরম সহিংসতা আর হত্যাকাণ্ডের সঙ্গে। বীরত্বের পেছনের এই অন্ধকার গল্পটি দর্শকদের যেমন ভাবাবে, তেমনি হিউ জ্যাকম্যানের দুর্ধর্ষ অভিনয় সিনেমাটিকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে। প্রচলিত রূপকথার বাইরে গিয়ে তৈরি সিনেমাটি মুক্তি পাবে ১৯ জুন।
‘টয় স্টোরি ৫’

অ্যানিমেশন ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও বড় পর্দায় ফিরছে উডি, বাজ লাইটইয়ার এবং তাদের পুরো দল। তবে আগামী ১৯ জুন মুক্তি পেতে যাওয়া এবার ‘টয় স্টোরি ৫’ সিনেমায় তারা মুখোমুখি হতে যাচ্ছে একদম ভিন্ন ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির। ছোট্ট বনি যখন ‘লিলিপ্যাড’ নামের একটি ডিজিটাল ট্যাবলেটের প্রতি প্রচণ্ড আসক্ত হয়ে পুরোনো খেলনাগুলোর কথা ভুলে যায়। নিজেদের অস্তিত্বের মুখোমুখি হয়ে উডি ও তার বন্ধুরা একজোট হয়ে এক নতুন মিশনে নামে। প্রযুক্তি বনাম আবেগের এ লড়াইটি বিনোদনের সঙ্গে বর্তমান যুগের বাস্তবতাকে পর্দায় ফুটিয়ে তুলবে দারুণভাবে।
‘সুপারগার্ল’

ডিসি কমিকসের জনপ্রিয় চরিত্র সুপারম্যানের মতোই পৃথিবীকে ভয়ংকর শত্রুর হাত থেকে বাঁচাতে এবার আসছে ‘সুপারগার্ল’। কমিকস ভক্তদের জন্য জুনের ২৬ তারিখ অপেক্ষা করছে এক ব্লকবাস্টার ধামাকা। ‘উইমেন অব টুমরো’ কমিক সিরিজ অবলম্বনে নির্মিত ‘সুপারগার্ল’ সিনেমায় ক্যারা জোর-এল চরিত্রে দেখা যাবে উদীয়মান তারকা মিলি অ্যালকককে। নিজের বিশ্বস্ত পোষা প্রাণী ‘ক্রিপ্টো’ এবং এক ভিনগ্রহের তরুণীকে নিয়ে মহাবিশ্ব পাড়ি দেবে সুপারগার্ল। উদ্দেশ্য—সেই তরুণীর বাবার হত্যার প্রতিশোধ নেওয়া। মহাজাগতিক অ্যাডভেঞ্চার আর দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে ভরপুর সিনেমাটি ডিসি ইউনিভার্সে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে, যা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
.png)
