logo

রণবীরের কাছে হেরে যেতে পারেন শাহরুখ

রণবীরের কাছে হেরে যেতে পারেন শাহরুখ

দর্শকের মধ্যে উন্মাদনার পারদ আরও ঊর্ধ্বমুখী। রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ নিয়ে রীতিমতো ধুন্ধুমার অবস্থা। অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড করল রণবীর সিং অভিনীত সিক্যুয়েলটি। সিনেমাটি অগ্রিম বুকিং সংগ্রহ অর্জন করেছে ২২.৪৪ কোটি রুপি, যা রণবীরের সর্বোচ্চ। আগামী ১৯ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। দর্শকের এই উন্মাদনা দেখে ধারণা করা হচ্ছে, প্রি সেল বুকিংয়ে সব রেকর্ড ভেঙে যাবে।

যেভাবে রণবীরের এই অ্যাকশন থ্রিলার নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে সাড়া পড়েছে, তাতে শাহরুখ খানের ‘পাঠান’ আর ‘জাওয়ান’-এর প্রি-কালেকশন রেকর্ড এখন হুমকির মুখে। ‘পাঠান’-এর অগ্রিম বুকিং ছিল ৩২.০১ কোটি রুপি এবং আর ‘জওয়ান’ ৪০.৭৫ কোটি রুপি অগ্রিম বুকিং হিসেবে রেকর্ড করে।

গত ডিসেম্বরে মুক্তি পেয়েছিল আদিত্য ধর পরিচালিত গোয়েন্দা-থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’। মাত্র তিন মাসের ব্যবধানে আগামী ১৯ মার্চ সিনেমা হলে এর সিক্যুয়েলে আমির হামজার চরম প্রতিশোধ দেখা যাবে বড় পর্দায়।

বলিউড লাইফের তথ্য অনুযায়ী, এরই মধ্যে ভারতে সিক্যুয়েলটির ৪ লাখ ৩৪ হাজার ৬৬৮টি টিকিট বিক্রি হয়েছে। ব্লক সিট আয় ধরলে সেটি আরও বেশি হবে। এর মধ্য দিয়ে সিনেমাটি রণবীরের সর্বোচ্চ অগ্রিম বুকিং সংগ্রহে পরিণত হয়েছে।

সম্প্রতি ‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে ‘হামজা’কে দেখা গেছে আরও দানবীয়, আরও ভয়ংকর। প্রতিশোধের নেশায় উন্মত্ত এক গোয়েন্দা-যোদ্ধা। সিক্যুয়েলটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালম ভাষায়। এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হয়েছে হিন্দি ভার্সনের টিকিট।

জিও স্টুডিওর ইউটিউব চ্যানেলে সিনেমার একটি ক্লিপ শেয়ার করে রণবীর সিং ক্যাপশনে লেখেন— ‘এটা নতুন ভারত। সে ঘরে ঢুকবে এবং খুনও করবে।’ টিজারের পর ট্রেলারে ভয়ংকর অ্যাকশন দেখে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা। সিনেপর্দায় ভায়োলেন্স যাদের ভালো লাগে তাদের জন্য অপেক্ষা করছে এক অভাবনীয় অভিজ্ঞতা।