চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলনমেলা

অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আয়োজিত পারিবারিক মিলনমেলা। সোমবার (২ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জের মডার্ন গ্রিন সিটিতে অনুষ্ঠিত হয় এই পারিবারিক দিবস।
এদিন সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলা আয়োজনে ছিল বিনোদন, আড্ডা ও পারস্পরিক সৌহার্দ্যের উষ্ণ আবহ। সবুজে ঘেরা পরিবেশে চলচ্চিত্র অঙ্গনের মানুষের মিলনমেলা হয়ে উঠেছিল এক স্মরণীয় উৎসব।
আয়োজিত এই পারিবারিক দিবসে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের বহু পরিচিত ও গুণী ব্যক্তিত্ব। ছিলেন বর্তমান প্রজন্মের অনেক অভিনেতা ও অভিনেত্রীও।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল নানা ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, র্যাফেল ড্র, হাসি-আড্ডা ও পারিবারিক সময় কাটানোর সুযোগ। শিশু থেকে শুরু করে প্রবীণ- সব বয়সী অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলাটি হয়ে ওঠে আরও রঙিন।
চলচ্চিত্র পরিবারকে একসূত্রে বাঁধা এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে- এমন প্রত্যাশা সবার।
দিনভর নানা আয়োজনের পর বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় শিল্পীরা।