logo
Advertisement

বিচ্ছেদের পথে হাঁটছেন আয়েজা-দানিশ?

এশিয়া পোস্ট বিনোদন
বিচ্ছেদের পথে হাঁটছেন আয়েজা-দানিশ?
আয়েজা খান ও দানিশ তৈমুর। ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় তারকা দম্পতি আয়েজা খান ও দানিশ তৈমুরের দাম্পত্য জীবন নিয়ে সম্প্রতি শুরু হয়েছিল নানা জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে আয়েজার কিছু পরিবর্তন এবং একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তার অনুপস্থিতিকে ঘিরেই ছড়িয়ে পড়ে বিচ্ছেদের গুঞ্জন। তবে শেষ পর্যন্ত এসব খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দানিশ তৈমুর। একইভাবে আয়েজাও বিচ্ছেদ ও আলাদা হয়ে যাওয়ার খবরকে ভুয়া বলে জানিয়েছেন।

Advertisement

সম্প্রতি আয়েজা খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থাকা পারিবারিক ও দানিশের সঙ্গে তোলা বেশ কিছু ছবি আর দেখা যাচ্ছিল না। পাশাপাশি দানিশ তৈমুরের নাটক ‘হুমরাহি’র শেষ পর্বের বিশেষ প্রদর্শনীতেও আয়েজাকে দেখা যায়নি। এসব ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে।

তবে গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মুখ খোলেন দানিশ। পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি জাং-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। আয়েজাকে নিজের জীবনসঙ্গী ও সন্তানদের মা উল্লেখ করে দানিশ জানান, কিছু মানুষ তাদের সুন্দর জীবন মেনে নিতে পারছেন না বলেই এসব গুজব ছড়াচ্ছে। অনলাইনের এসব আলোচনায় মনোযোগ না দিয়ে নিজের পেশাগত কাজেই ব্যস্ত থাকতে চান বলেও জানান তিনি।

শুধু দানিশ নন, আয়েজা খানও বিচ্ছেদ নিয়ে ছড়ানো খবর অস্বীকার করেছেন। এক ভক্তের প্রশ্নের জবাবে অভিনেত্রী বিচ্ছেদ ও আলাদা হয়ে যাওয়ার খবরকে ‘ভুয়া’ বলে উল্লেখ করেন। তার এই প্রতিক্রিয়ার পর ভক্তদের মধ্যেও স্বস্তি ফিরে আসে।

এদিকে দানিশের পরিবারের পক্ষ থেকেও একই ধরনের বক্তব্য এসেছে। দানিশের বোনের স্বামী সিদরা জাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে এই গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তার ভাষ্য, আয়েজা ও দানিশ দুজনই ভালো আছেন এবং তাদের সম্পর্ক নিয়ে ছড়ানো এসব কথায় কান না দেওয়াই উচিত।

হুরাইন-রায়ানের সাথে আয়েজা খান ও দানিশ তৈমুর। ছবি: সংগৃহীত
হুরাইন-রায়ানের সাথে আয়েজা খান ও দানিশ তৈমুর। ছবি: সংগৃহীত

আয়েজা খান ও দানিশ তৈমুরের সম্পর্কের শুরু ২০০৬ সালে। প্রায় আট বছর প্রেমের পর ২০১৪ সালের ৮ আগস্ট বিয়ে করেন তারা। চলতি মাসেই তাদের দাম্পত্য জীবনের ১২ বছর পূর্ণ হয়েছে। এই দম্পতির দুই সন্তান-মেয়ে হুরাইন ও ছেলে রায়ান।

পর্দাতেও একসঙ্গে কাজ করেছেন আয়েজা-দানিশ। ‘জব উই ওয়েড’, ‘মেহারপোশ’ ও ‘চাঁদ তারা’র মতো নাটকে জুটি হিসেবে দেখা গেছে তাদের।

সূত্র: ডেইলি জাং, জিও নিউজ, দ্য এক্সপ্রেস ট্রিবিউন।