দীপিকার পর ‘স্পিরিট’ থেকে সরে গেলেন প্রকাশ রাজ

দক্ষিণী সুপারস্টার প্রভাস ও পরিচালক সন্দীপ রেড্ডি জুটির বহুল প্রতীক্ষিত ছবি ‘স্পিরিট’ নিয়ে নাটকীয়তা থামছেই না। পারিশ্রমিক ও কাজের সূচি নিয়ে মতবিরোধে প্রকল্প থেকে আগেই বেরিয়ে গেছেন প্রধান নায়িকা দীপিকা পাডুকোনে। এবার শোনা যাচ্ছে, প্রভাসের এই বড় বাজেটের সিনেমা থেকে বেরিয়ে গেছেন দক্ষিণের বর্ষীয়ান অভিনেতা প্রকাশ রাজ।
পিঙ্কভিলা সূত্রে জানা যায়, শুটিংয়ের সেটে সৃজনশীল মতপার্থক্যের কারণে প্রকাশ রাজ এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে অভিনেতা বা নির্মাতাদের কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য করেননি। দর্শকের চাহিদার শীর্ষে থাকা ‘স্পিরিট’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকার কথা ছিল প্রকাশ রাজের।
শুটিং চলাকালে প্রথমে একটি দৃশ্যের ব্যাখ্যা ও সম্পাদনা নিয়ে মতবিরোধ দেখা দেয়। এরপর চিত্রগ্রহণের সময় আবারও একই বিষয় নিয়ে উত্তেজনা দেখা দিলে প্রকাশ রাজ নিজেকে প্রকল্প থেকে সরিয়ে নেন। মিডিয়া সাইট ওটিটিপ্লের দাবি, প্রকাশ রাজ ও পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার মধ্যে মতবিরোধ মূলত সেটে সমস্যা এবং কাজের পদ্ধতির পার্থক্যের কারণেই। তবে এখনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি কোনো পক্ষ থেকেই।
এরই মধ্যে স্পিরিটের কাস্টিংয়ে একাধিক পরিবর্তন দেখা গেছে। বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে প্রথমে দীপিকা পাড়ুকোনকে বিবেচনা করেছিলেন নির্মাতারা। তবে নানা জটিলতায় দিপীকা প্রকল্প থেকে সরে গেলে উঠতি নায়িকা তৃপ্তি দিমরিকে নেওয়া হয়।
টি-সিরিজ ও ভদ্রকালী পিকচার্স প্রযোজিত ‘স্পিরিট’-এ প্রভাস থাকছেন প্রধান চরিত্রে। নতুন বছরের প্রথম দিকে প্রকাশিত পোস্টার ব্যাপকভাবে দর্শকের মনোযোগ আকর্ষণ করেছে। এটি সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত আপকামিং প্রকল্পগুলোর অন্যতম বিবেচিত। সিনেমাটি ২০২৭ সালের মার্চে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা বারবার সিনেমার স্পিরিটটাই নষ্ট করে দিচ্ছে বলে আশঙ্কা করছেন ভক্তরা।