Advertisement

আইপিএলের জন্য পেছাচ্ছে রামচরণের ‘পেদ্দি পহেলওয়ান’

এশিয়া পোস্ট নিউজ
আইপিএলের জন্য পেছাচ্ছে রামচরণের ‘পেদ্দি পহেলওয়ান’

দক্ষিণী সুপারস্টার রামচরণের বহুল কাঙ্ক্ষিত গ্রামীণ ক্রীড়াভিত্তিক ড্রামা ‘পেদ্দি পহেলওয়ান’-এর মুক্তি নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। সিনেমাটি ৩০ এপ্রিল পর্দায় আসার কথা থাকলেও কিছুটা জটিলতায় পেছাতে পারে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে। নির্মাতারা সরাসরি না বললেও মূলত আইপিএলের উন্মাদনার মধ্যে সিনেমাটি মুক্তি দিতে চান না সংশ্লিষ্টরা। এ ছাড়া রয়েছে মধ্যপ্রাচ্য সংকট। বিভিন্ন জটিলতায় নির্মাতারা মুক্তির নতুন তারিখ নির্ধারণে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন।

বড় পর্দায় খেলাধুলা বা শারীরিক কসরত বিষয়ক সিনেমা বরাবরই দর্শকনন্দিত ও পছন্দের শীর্ষে থাকে। বিখ্যাত কুস্তিগির গীতা ফোগাটকে নিয়ে নির্মিত আমির খানের ‘দঙ্গল’ ভারতীয় সিনেমার সর্বকালের ব্যবসাসফল তালিকার শীর্ষে। এবার রামচরণের ‘পেদ্দি’ দেখার জন্য দর্শকরা উন্মুখ হয়ে আছেন। সূত্র: সিনে এক্সপ্রেস

এরই মধ্যে সিনেমার গান ও টিজারসহ বেশ কিছু ফুটেজ প্রকাশ পেয়েছে। টিজার আর ভিডিওতে রামচরণের লুক দেখে সিনেমাটি নিয়ে উন্মাদনা বেড়েছে কয়েক গুণ। ‘চিকিরি চিকিরি’ এবং ‘রাই রাই রা রা’ গান দুটিও চার্টবাস্টার হয়ে ওঠে এবং বেশ কয়েক সপ্তাহ জনপ্রিয়তার শীর্ষে ছিল। সিনেমায় সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান।

সিনেমাটির সম্ভাব্য স্থগিতের পেছনে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার পাশাপাশি আইপিএলকেও বড় কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। অতীতেও আইপিএল চলাকালে বেশ কিছু সিনেমার মুক্তি স্থগিত হয়, এর মধ্যে বড় বাজেটের ছবিও ছিল। এপ্রিলের শেষে আইপিএলের উন্মাদনায় দর্শক বিভোর থাকবে, তাই নির্মাতারা এ সময় ‘পেদ্দি’র মুক্তি দেওয়া এড়াতে চাইছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে আইপিএল শেষে জুনে সিনেমাটি মুক্তি পেতে পারে।

বুচি বাবু সানা পরিচালিত ‘পেদ্দি’ আশির দশকের অন্ধ্রপ্রদেশের প্রেক্ষাপটে নির্মিত একটি স্পোর্টস অ্যাকশন ড্রামা। সিনেমাটির গল্প একজন গ্রামবাসীকে কেন্দ্র করে, যিনি খেলাধুলার মাধ্যমে তার সম্প্রদায়কে এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে একত্রিত করেন। রামচরণ ছাড়াও এই সিনেমায় জাহ্নবী কাপুর ও শিবরাজকুমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।