পর্দা মাতাবে রাজকুমার-ওয়ামিকা জুটির ‘প্রহার’

বায়োপিক নিয়ে সাধারণ মানুষের আগ্রহ প্রবল। এবার বলিউডে আবার দেখা যাবে এক দুর্দান্ত বায়োপিকের ধামাকা! অবশেষে ম্যাডক ফিল্মস ঘোষণা করল তাদের বহু প্রতীক্ষিত সিনেমা ‘প্রহার-দ্য উজ্জ্বল নিকম স্টোরি’র মুক্তির তারিখ। আগামী ৭ আগস্ট বড় পর্দায় ঝড় তুলতে আসছে সিনেমাটি। এতে মূল ভূমিকায় অভিনয় করছেন ক্ষুরধার অভিনেতা রাজকুমার রাও এবং গ্ল্যামারাস ওয়ামিকা গাব্বি।
১৯৯৩ সালের বোম্বে বিস্ফোরণ ও ২০০৮ সালের মুম্বাই হামলার মতো হাইপ্রোফাইল মামলার লড়াকু সরকারি আইনজীবী উজ্জ্বল নিকমের জীবনের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। এই চরিত্রের জন্য রাজকুমার রাও প্রায় ৯-১০ কেজি ওজন বাড়িয়ে কঠোর পরিশ্রম করেছেন। আদালত-কেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত সিনেমাটি পরিচালনা করেন অবিনাশ অরুণ। এতে আরও আছেন জয়দীপ আহলাওয়াত ও সিকান্দার খের।
এর আগে ‘ভুল চুক মাফ’-এ রাজকুমার ও ওয়ামিকার রসায়ন দর্শকের নজর কাড়ে। প্রযোজক দিনেশ বিজনের সঙ্গে এটি রাজকুমারের অষ্টম কোলাবোরেশন। সূত্র: সিনেএক্সপ্রেস
তবে ‘প্রহার’ মুক্তির আগে রাজকুমারকে দেখা যাবে কীর্তি সুরেশের সঙ্গে থ্রিলার সিনেমা ‘রাফতার’-এ। এ ছাড়া পাইপলাইনে রয়েছে কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা’। সব মিলিয়ে, রাজকুমার ভক্তদের জন্য বছরটি জমজমাট!
