অভিনয়ের পাশাপাশি ব্যবসা, সফল তারা সবখানেই
বিনোদন জগতে অনেকেই এখন অভিনয়ের পাশাপাশি ব্যবসার দিকে মনোনিবেশ করেছেন। একটি কাজের ওপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে ভিন্ন কিছু করার চেষ্টায় থাকেন তারা। এতে বাড়তি রোজগারের একটি রাস্তাও খোলা থাকে। বলিউডেও রয়েছে এমন বেশ কিছু জুটি, যাদের দুর্দান্ত অভিনয় ক্যারিয়ারের সঙ্গে ব্যবসায়ী হিসেবেও সুনাম রয়েছে। কিছু কিছু অভিনেত্রী প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে বিয়ে করেছেন। আবার আবার কেউ জীবনসঙ্গীর সঙ্গে মিলে অভিনয়ের পাশাপাশি ব্যবসাও চালাচ্ছেন। ভারতীয় গণমাধ্যমের বরাতে তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনকে নিয়ে এবারের আয়োজন।
শাহরুখ খান ও গৌরী খান:
বলিউডের সবচেয়ে ধনী এই তারকা দম্পতি শাহরুখ খান ও গৌরী খান। নিজেদের প্রতিষ্ঠিত প্রযোজনা ও ভিএফএক্স সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’-এর মালিক। প্রযোজনা সংস্থাটি বেশ কিছু বড় বাজেটের সিনেমায় অর্থ লগ্নি করে বিশাল লাভ করে। এ ছাড়াও আইপিএলের ‘কলকাতা নাইট রাইডার্স’-এর মালিকানাও রয়েছে। গৌরী খান নিজেও নামকরা ইন্টেরিয়র ডিজাইনার। অভিনয়ের পাশাপাশি তুখোড় ব্যবসায়ী শাহরুখ খান।
আনুশকা শর্মা ও বিরাট কোহলি:

মা হওয়ার পর থেকে নিজেকে অভিনয় থেকে দূরে রেখেন আনুশকা শর্মা। তবে ব্যবসায় মন ঠিকই ছিল। ‘ডিজিট’ নামক একটি বীমা সংস্থায় বড় বিনিয়োগ করেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেট তারকা বিরাট কোহলি। ‘ক্লিন স্লেট ফিল্মস’ নামে একটি প্রযোজনা সংস্থা রয়েছে আনুশকার। এ ছাড়াও রয়েছে পোশাকের ব্র্যান্ড ‘নুশ’। অন্যদিকে বিরাটেরও ‘রং’ নামে নিজস্ব ব্র্যান্ড রয়েছে। ইদানীং অভিনয়ে ফেরার গুঞ্জন শোনা গেলেও ব্যবসার দিকে আনুশকা বেশি সময় পার করেন।
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন:

সাম্প্রতিক সময়ে পারিবারিক টানাপোড়েনে আলোচনায় থাকলেও বলিউডের এই পাওয়ার কাপল ব্যবসায়িকভাবেও সফল। বেশ কিছু আবাসন প্রজেক্টে বিনিয়োগ রয়েছে তাদের। এ ছাড়া স্বর্ণ ব্যবসা নিয়ে ঐশ্বরিয়ার রয়েছে বিশেষ আগ্রহ। সম্প্রতি অভিষেক-ঐশ্বরিয়া রিয়েল এস্টেট ব্যবসায়ও অর্থ লগ্নি করেছেন।
অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না:

বলিউড খিলাড়ি জীবনের শুরুর দিকে অনেক স্ট্রাগল করেছেন। সাংসারিক সচ্ছলতা ফেরাতে তাকে অনেক কিছুই করতে হয়েছে। পরে অভিনয়ে সফল হন। তার রয়েছে নিজস্ব প্রযোজনা সংস্থা ‘হরি ওম এন্টারটেনমেন্ট’। বিভিন্ন প্রযুক্তি সংক্রান্ত স্টার্টআপেও বড় অঙ্কের বিনিয়োগ করেছেন তিনি। সেখান থেকে প্রচুর ইনকাম আসে। স্ত্রী টুইঙ্কল খান্না পেশায় লেখালেখির পাশপাশি রিয়েল এস্টেট ব্যবসা করেন। তারও রয়েছে বড় বিনিয়োগ।
শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা:

সিনেপাড়ায় এই জুটিকে ঘিরে চলে নানা রকম আলোচনা। শিল্পপতি রাজ কুন্দ্রাকে বিয়ে করে তিনি অভিনয় থেকে নিজেকে একটু দূরেই রেখেছেন। তবে ব্যবসার দিকে রয়েছে শিল্পার পূর্ণ মনোযোগ। আইপিএলের ‘রাজস্থান রয়্যালস’-এর সঙ্গে যুক্ত। স্বামীর সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক ব্যবসায় বিনিয়োগ করে অঢেল অর্থ কামাচ্ছেন। এ ছাড়াও শিল্পার নিজস্ব ফিটনেস ও পোশাকের ব্র্যান্ডও রয়েছে। রাজ-শিল্পার যৌথ মালিকানায় ‘ব্যাস্টিয়ান’ রেস্তোরাঁটি খুবই জনপ্রিয়।