logo

‘আল্লাহ জীবনে যাকে দিয়েছেন তার জন্য হাজার বছর বাঁচতে হবে’

‘আল্লাহ জীবনে যাকে দিয়েছেন তার জন্য হাজার বছর বাঁচতে হবে’
চিত্রনায়িকা পরীমণি ও ছেলে শাহীম মুহাম্মদ পুণ্য।

চিত্রনায়িকা পরীমণি বরাবরই খোলামেলা কথা বলতে পছন্দ করেন। তার কাছে জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, সন্তানদের ভালোবাসায় আগলে রাখা। সেই ভালোবাসার টানেই নায়িকা এবার হাজার বছর বাঁচতে চাইলেন। এশিয়া পোস্টের ‘এপি স্টার’ অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন তিনি।পরীর জীবনে তার প্রয়াত নানার ভূমিকা অপরিসীম। তাকে তিনি হৃদয় দিয়ে ভালোবাসতেন।

তার চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না এই নায়িকা। একসময় ভাবতেন কী নিয়ে বেঁচে থাকবেন তিনি। এরপর তার কোল জুড়ে আসে ছেলে শাহীম মুহাম্মদ পুণ্য। এখন তাকে নিয়েই নায়িকার জীবন।

এপি স্টারে এসে পরী বলেন, ‘জীবন মানুষকে অনেক ধরনের পরীক্ষায় ফেলে দেয়। তার মধ্যে একটি পরীক্ষা ছিল আমার নানাকে হারিয়ে ফেলা। তার চলে যাওয়া আমাকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দেয়। আমি কী নিয়ে বাঁচব, তা যখন ভাবছিলাম, ঠিক তখনই আল্লাহ আমার কাছে পুণ্যকে পাঠালেন। এরপর ভাবলাম আল্লাহ যেমন নেন, তেমন দেনও। এখন আল্লাহ জীবনে যাকে (পুণ্য) দিয়েছেন, তার জন্য হাজার বছর বাঁচতে হবে।’

পরী তার ব্যক্তিজীবন নিয়ে সবসময়ই খোলামেলা কথা বলতে পছন্দ করেন। যার জন্য অনেকবার খবরের শিরোনামও হয়েছেন তিনি। আছেন অভিনয় নিয়েও আলোচনায়। তার মুক্তির অপেক্ষায় আছে কয়েকটি সিনেমা। যার মধ্যে ‘ডোডোর গল্প’ অন্যতম। এছাড়া নিজস্ব ব্যবসা ‘বডি’ নিয়ে ব্যস্ততা আছে এই নায়িকার।