logo

অতীতের ছায়ায় জয়া আহসান

অতীতের ছায়ায় জয়া আহসান

শ্বেতা—পেশায় একজন চিকিৎসক। অত্যন্ত ভদ্র, পরিপাটি ও সংযত এই নারীর জীবনের গভীরে লুকিয়ে আছে এক ভয়ংকর অন্ধকার অতীত। শৈশবে ঘটে যাওয়া একটি নির্মম ঘটনা তার জীবনকে ঢেকে দেয় কালো মেঘে। সেই অতীত স্মৃতি প্রতিনিয়ত তাড়া করে ফেরে শ্বেতাকে। পরিস্থিতি নাটকীয় মোড় নেয়, যখন তার এক রোগী হঠাৎ করেই শ্বেতার সেই গোপন অতীত সম্পর্কে জেনে যায়। আর তখনই শুরু হয় ভয়াবহ পরিণতির দিকে যাত্রা।

অতীতের ট্রমা ও তীব্র মানসিক টানাপোড়েনে জর্জরিত এমনই এক জটিল চরিত্র নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আগামীকাল (৬ ফেব্রুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘ওসিডি’। ছবিটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল।

শৈশবে ঘটে যাওয়া একটি দুঃসহ অভিজ্ঞতা কীভাবে একজন মানুষের পুরো জীবনকে প্রভাবিত করতে পারে—সে কঠিন বাস্তবতাই তুলে ধরা হয়েছে ‘ওসিডি’ সিনেমায়। গল্পটি এগিয়েছে এক নির্যাতিত শিশুর দৃষ্টিভঙ্গি থেকে, যে ছোটবেলায় প্রতিশোধ নিতে না পারলেও মনে পুষে রাখে গভীর ক্ষোভ ও আগুন। সময়ের সঙ্গে সেই ক্ষোভ অগ্নিস্ফুলিঙ্গ হয়ে বিস্ফোরিত হয়, ধীরে ধীরে তাকে ঠেলে দেয় প্রতিশোধের পথে।

ছবিতে শ্বেতা নামের চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। তার সঙ্গে আরও অভিনয় করেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন ও অনুসূয়া মজুমদার। এর আগে সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূত পুরী’ ছবিতেও জয়ার অভিনয় দেখেছেন দর্শকরা। যদিও সেই ছবির শুটিং ২০২১ সালে শেষ হলেও এখনো তা মুক্তির অপেক্ষায় রয়েছে।