logo

বিজয়ের স্ত্রী সঙ্গীতার ডিভোর্সের আবেদন

বিজয়ের স্ত্রী সঙ্গীতার ডিভোর্সের আবেদন

রাজনৈতিক অঙ্গনে শক্তভাবে প্রতিষ্ঠিত হতে সিনেমার ভুবন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন থালাপতি বিজয়। এবার খবরের শিরোনাম কোনো সিনেমা বা রাজনীতি নয়। দক্ষিণী সিনেমার সুপারস্টারের সঙ্গে বিচ্ছেদ চাইছেন তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম। এ জন্য চেঙ্গালপাট্টু পারিবারিক আদালতে সঙ্গীতা একটি ডিভোর্স আবেদন দাখিল করেছেন। 

সাম্প্রতিক সময়ে বিজয় তার শেষ সিনেমা মুক্তি নিয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি। মুক্তি পাওয়ার দু-তিন দিন আগে আদালত কর্তৃক স্থগিতাদেশে তিনি হতাশ ছিলেন। এবার যোগ হলো পারিবারিক সমস্যা।

বলিউড হাঙ্গামা সূত্রে জানা যায়, বিচ্ছেদ আবেদনে এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার অভিযোগ আনা হয় বিজয়ের বিরুদ্ধে। সে কারণেই সঙ্গীতা বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। চেঙ্গালপাট্টু পারিবারিক আদালত আবেদনটি আমলে নিয়ে বিজয়কে ২০ এপ্রিল সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

১৯৯৯ সালের আগস্টে পারিবারিক সম্মতিতে গাঁটছড়া বাঁধেন এই দম্পতি। সঙ্গীতা খ্রিষ্টান ধর্মের অনুসারী হলেও হিন্দু রীতিতে জাঁকজমকভাবেই বিয়ে হয় তাদের। প্রায় ২৬ বছরের সংসারে দুই সন্তান বিজয়-সঙ্গীতার।

বিচ্ছেদ আবেদনে, সঙ্গীতা বিজয়কে একজন অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকার অভিযোগ করেছেন। যে সম্পর্কের কথা তিনি ২০২১ সালে জানতে পেরেছিলেন। এর ফলেই তিনি আইনিভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

তামিল চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয়ের সম্ভাব্য শেষ সিনেমা ‘জন নায়গান’ সেন্সর জটিলতার কারণে আটকে আছে। বিজেপিতে যোগ না দেওয়ায় রাজনৈতিকভাবেও হেনস্তার মুখোমুখি তিনি। রাজনীতির পাশাপাশি দাম্পত্য সম্পর্কের জটিলতায় চূড়ান্ত হতাশ দক্ষিণী ইন্ডাস্ট্রি মাতানো এই তারকা। তবে এই ধাক্কা সামলে থালাপতি বিজয় ঠিকই ঘুরে দাঁড়াবেন—এমনটাই আশা ভক্তদের।