logo

তৃতীয় সংসারও টিকল না পবন কল্যাণের

এনডিটিভি
এনডিটিভি
তৃতীয় সংসারও টিকল না পবন কল্যাণের
পবন কল্যাণ ও স্ত্রী আন্না লেজনেভা। ছবি: ভারতীয় গণমাধ্যম থেকে

আবার ভাঙল দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিবিদ পবন কল্যাণের সংসার। দীর্ঘ ১৩ বছরের বাঁধন ছিঁড়ে স্ত্রী আন্না লেজনেভার সঙ্গে বিচ্ছেদের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে দুটি বিয়ে ভেঙে যাওয়ার পর এই রাশিয়ান অভিনেত্রীর হাত ধরে নতুন জীবন শুরু করেছিলেন পবন। তবে এবারও শেষ রক্ষা হলো না, জীবনের এই অধ্যায়েও নেমে এলো বিচ্ছেদের সুর।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এ তারকা দম্পতি। সেখানে লেখেন, ‘আমাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটলেও আমরা ভালো বন্ধু এবং আমাদের সন্তানদের প্রতি নিবেদিত অভিভাবক হিসেবে থাকব। তাদের সুখ ও ভালো থাকাই সব সময় আমাদের দুজনের অভিন্ন অগ্রাধিকার।’

পবন ও আন্না আরও লেখেন, ‘ব্যক্তিগত এই পরিবর্তনের সময়ে আপনাদের বোঝাপড়া, সহমর্মিতা ও আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা কামনা করছি। এই দীর্ঘ পথচলায় যারা আমাদের পাশে ছিলেন, তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

২০১১ সালে ‘টিন মার’ ছবির শুটিং সেটে শুরু হয়েছিল পবন কল্যাণ ও আন্না লেজনেভার প্রেমের গল্প। সম্পর্কের পর ২০১৩ সালের ডিসেম্বর মাসে একান্ত ঘরোয়া পরিবেশে বিয়ে করেন তারা। এ দম্পতির সংসারে রয়েছে দুই সন্তান, কন্যা পোলেনা অঞ্জনা পবনোভা এবং পুত্র মার্ক শঙ্কর পবনোভিচ। বর্তমান পরিস্থিতিতে তাদের দুই সন্তানই আন্নার তত্ত্বাবধানে রয়েছে।

ব্যক্তিগত জীবনের নানা অধ্যায়ের জন্য বহুবার খবরের শিরোনাম হয়েছেন পবন কল্যাণ। তার প্রথম স্ত্রী নন্দিনীর সঙ্গে বিয়ে হয় ১৯৯৭ সালে এবং বিচ্ছেদ ঘটে ২০০৭ সালে। এরপর ২০০৯ সালে অভিনেত্রী রেনু দেশাইকে বিয়ে করলেও ২০১২ সালে সেই দাম্পত্যেও বিচ্ছেদ ঘটে। রেনুর সঙ্গে তার দুটি সন্তান রয়েছে। পরবর্তীতে আন্নার সঙ্গে তৃতীয়বার সংসার শুরু করেন পবন।

সূত্র: এনডিটিভি