মুক্তির আগেই শাহরুখের ‘কিং’-এর ঘরে ২৫০ কোটি রুপি

বলিউড বাদশা শাহরুখ খান এবার হবেন ‘কিং’। এ বছরের বলিপাড়ার সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে অ্যাকশন থ্রিলার ‘কিং’। আর এর রেশ পাওয়া গেল সোমবার। ৪০০ রুপির বাজেটের সিনেমাটি মুক্তির আগেই তুলে নিয়েছে ২৫০ কোটি রুপি।
এ বছরের একেবারে শেষ দিকে পর্দায় ঝড় তুলতে যাচ্ছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলারটি। ‘পাঠান’, ‘জাওয়ানে’র অভাবনীয় সাফল্যের পর ‘কিং’ নিয়েও আশাবাদী সংশ্লিষ্টরা। এর মধ্য দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখের মেয়ে সুহানা খানের। ক্রিসমাসের সময় মুক্তি পাওয়ার কথা থাকলেও এখন থেকেই শুরু গেছে শাহরুখ-চমক।
‘কিং’-এর প্রথম ঝলকের ভিডিও ইউটিউবে প্রায় ৪৪ মিলিয়ন ভিউ হয়েছিল। এর তিন মাস পর টিজ়ার ভিডিও একদিনেই ৩০ মিলিয়ন ভিউর রেকর্ড গড়ে। এবার আরও বড় চমক। মুক্তির আগেই সিনেমা হলের স্বত্ব বিক্রি করে সিনেমাটি ২৫০ কোটি রুপি আয় করেছে। সর্বভারতীয় প্রেক্ষাগৃহ পরিবেশনার জন্য রাইটস কিনে নিয়েছে পেন মারুধার। শাহরুখ খান ও গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে এ চুক্তিটি হয়েছে।
মেয়ে সুহানাকে নিয়ে বড়দিনের বক্স অফিস যে শাহরুখের দখলে থাকবে—তা বলাই বাহুল্য। আর ভক্তরাও উন্মুখ হয়ে আছেন বড় পর্দায় বাবার সঙ্গে সুহানার অ্যাকশন দেখার জন্য।

