logo

আইনি ঝামেলায় ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ শাহরুখ-দীপিকা

আইনি ঝামেলায় ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ শাহরুখ-দীপিকা
বলিউড বাদশা শাহরুখ খান ও বিউটি কুইন দীপিকা

এক অদ্ভুত আইনি গ্যাঁড়াকলে পড়লেন বলিউড বাদশা শাহরুখ খান ও বিউটি কুইন দীপিকা পাড়ুকোনে। গাড়ির ইঞ্জিনের সমস্যা গিয়ে শেষ পর্যন্ত পৌঁছে গেল বলিউডের দুই মহাতারকা শাহরুখ ও দীপিকার নাম পর্যন্ত। আর সেই ঘটনাই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চর্চার বিষয়।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর তথ্য অনুযায়ী, রাজস্থানের আইনজীবী কীর্তি সিং প্রায় ২৪ লাখ রুপি খরচ করে একটি হুন্দাই আলকাজার এসইউভি কেনেন। তবে তার অভিযোগ, শুরু থেকেই গাড়িটিতে ইঞ্জিনের ত্রুটি, গতি বাড়ানোর সময় শক্তি কমে যাওয়া এবং আরও কিছু কারিগরি সমস্যা দেখা দেয়।

বারবার অভিযোগ জানিয়েও সন্তোষজনক সমাধান না পাওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন। ওই আইনজীবী গাড়ির প্রতিষ্ঠানের নামে ক্ষতিপূরণ মামলা করেন। এরপর সামাজিক মাধ্যমে দাবি ছড়িয়ে পড়ে, প্রতিষ্ঠানটির পাশাপাশি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের নামও মামলায় যুক্ত করা হয়েছে।

ঘটনাটি নিয়ে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, তারকাদের উপস্থিতি ভোক্তার আস্থা বাড়ায়, তাই প্রশ্ন উঠতেই পারে। আবার অন্যদের মতে, বিজ্ঞাপনে মুখ দেখালেই কোনো তারকা পণ্যের কারিগরি ত্রুটির জন্য দায়ী হয়ে যান না।

তবে মামলায় দুই তারকার সম্পৃক্ততার দাবি কতটা সত্য, তা নিয়েও বিতর্ক রয়েছে। এ বিষয়ে এখনও শাহরুখ, দীপিকা কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।