৯ দিনে টক্সিক-এর বিশ্বব্যাপী আয় ৩২৮ কোটি

কন্নড় তারকা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। ‘কেজিএফ: চ্যাপ্টার টু’-এর পর বড় পর্দায় যশের প্রত্যাবর্তন ঘিরে শুরু থেকেই সিনেমাটি নিয়ে ছিল ব্যাপক আগ্রহ। নির্মাতা গীতু মোহনদাসের এই সিনেমা মুক্তির আগেও একাধিকবার আলোচনায় এসেছে- কখনো মুক্তির তারিখ পরিবর্তন, কখনো শুটিং ও নির্মাণ নিয়ে নানা গুঞ্জনে।
অবশেষে গত ২৬ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘টক্সিক’। সিনেমাটিতে যশকে দেখা গেছে দ্বৈত চরিত্রে। তার সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তসহ আরও অনেকে।
গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটি মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। পাশাপাশি হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায়ও মুক্তি পেয়েছে এটি। সিনেমার গল্পের পটভূমি ১৯৫০ থেকে ১৯৭০-এর দশকের গোয়া। সেখানে অপরাধজগতের উত্থান, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, নৈতিকতা ও প্রতিশোধের গল্পে রায়া চরিত্রে দেখা গেছে যশকে।
মুক্তির আগে সিনেমাটির ট্রেইলারও দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করে। চার মিনিটের ট্রেইলারে ছিল বড় পরিসরের অ্যাকশন, অন্ধকার গ্যাংস্টার জগত, সম্পর্কের টানাপোড়েন ও যশের ভিন্নধর্মী লুক। পরে সিনেমাটি আইম্যাক্সেও মুক্তির ঘোষণা দেওয়া হয়।
তবে মুক্তির পর সিনেমাটি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রিভিউ অ্যাগ্রিগেটর ওয়েবসাইট রোটেন টমেটোজে বর্তমানে ‘টক্সিক’-এর টমেটোমিটার স্কোর ২৫ শতাংশ, যেখানে ২০ জন সমালোচকের পর্যালোচনা যুক্ত হয়েছে। দর্শকদের স্কোর অবশ্য তুলনামূলকভাবে বেশি- ৩৯ শতাংশ।
সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেও বক্স অফিসে শুরুটা ছিল শক্তিশালী। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম দিনে সব ভাষা মিলিয়ে ভারতে সিনেমাটি আয় করে প্রায় ১০১ কোটি ১০ লাখ রুপি নেট। দ্বিতীয় দিনে ৩৭ কোটি ৬৫ লাখ, তৃতীয় দিনে ২৭ কোটি ২০ লাখ, চতুর্থ দিনে ২৫ কোটি ১৫ লাখ এবং পঞ্চম দিনে ২৩ কোটি রুপি আয় করে।
ষষ্ঠ দিনে সিনেমাটির আয় কমে দাঁড়ায় ৭ কোটি ৬৫ লাখ রুপি। সপ্তম দিনে ৭ কোটি ৮৫ লাখ, অষ্টম দিনে ৫ কোটি ৪৫ লাখ এবং নবম দিনে আরও ৪ কোটি ২৫ লাখ রুপি আয় করে ‘টক্সিক’। ফলে নয় দিনে ভারতে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ২৩৯ কোটি ৩০ লাখ রুপি।
ভারতের বাজারে নেট আয়ের পাশাপাশি সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ২৮৫ কোটি ৭০ লাখ রুপি। আর বিদেশের বাজার থেকে এসেছে প্রায় ৪২ কোটি ৭৫ লাখ রুপি। সব মিলিয়ে নয় দিনে ‘টক্সিক’-এর বিশ্বব্যাপী গ্রস আয় ৩২৮ কোটি ৪৫ লাখ রুপি।
তবে সিনেমাটির বাজেট নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। নির্মাণসংশ্লিষ্ট সূত্র ও সংবাদমাধ্যমে প্রায় ৫০০ কোটি রুপি বাজেটের কথা বলা হয়েছে। এনডিটিভিও সিনেমাটিকে ৫০০ কোটি রুপি বাজেটের বলে উল্লেখ করেছে।
এই হিসাবে নয় দিনে বিশ্বব্যাপী ৩২৮ কোটি রুপি আয় করলেও সিনেমাটির বাণিজ্যিক সাফল্য নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় হয়নি। দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি কতটা দর্শক ধরে রাখতে পারে, সেটিই এখন গুরুত্বপূর্ণ।
‘টক্সিক’-এ যশের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। সিনেমাটি প্রযোজনা করেছেন ভেঙ্কট কে. নারায়ণ ও যশ; প্রযোজনায় রয়েছে কেভিএন প্রোডাকশনস ও মনস্টার মাইন্ড ক্রিয়েশন্স।
সূত্র: স্যাকনিল্ক, দ্য টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, ইন্ডিয়া টুডে


