হাজার ছাপিয়ে ১৫০০ কোটির ঘরে ‘ধুরন্ধর ২’

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ নিয়ে যে ধুন্ধুমার হবে—তা বোঝা গিয়েছিল আগেই। তবে প্রত্যাশাকে যে এভাবে ছাড়িয়ে যাবে, সেটা বোঝা যায়নি। মুক্তির প্রথম দিনে থেকেই হুলুস্থুল চারদিকে। রেকর্ডের পর রেকর্ড করে যাচ্ছে গোয়েন্দা-থ্রিলার সিনেমাটি। হাজারের কোটা পেরিয়ে পৌঁছে গেল দেড় হাজার কোটির কোটায়। যেভাবে এগোচ্ছে, সম্ভবত ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘দঙ্গল’-এর রেকর্ড ছুঁতে খুব বেশি সময় লাগবে না।
রণবীর সিং-এর ‘ধুরন্ধর ২’ বলিউডের ইতিহাসে অন্যতম বড় বক্স অফিস হিট সিনেমার কাতারে চলে এসেছে। আদিত্য ধর পরিচালিত সিনেমাটি শুধু দর্শকের প্রত্যাশাই পূরণ করেনি, আয়ের দিকে থেকেও ছাপিয়ে যাচ্ছে সব সিনেমাকে। সবার কৌতূহল—এবার কি তবে আমিরের ‘দঙ্গল’কেও ছাপিয়ে যাবে রণবীরের ‘ধুরন্ধর ২’?
মুক্তির ১৩তম দিনের মাথায় ‘ধুরন্ধর ২’ এখন বিশ্বব্যাপী ১৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে চলেছে। স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, পেইড প্রিভিউসহ দেশপ্রেমে মত্ত রণবীরের প্রতিশোধের সিনেমাটি এখন পর্যন্ত ভারতের বাজারে হাজার কোটির মাইলফলক পেরিয়ে ১১০০ কোটির রুপির হাতছোঁয়া দূরত্বে। আর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন দাঁড়িয়েছে ১৪৯২ কোটি রুপি।
রণবীর-আদিত্যের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এরই মধ্যে ‘জওয়ান’, ‘কেজিএফ ২’ এবং ‘আরআরআর’-এর মতো ব্যবসাসফল ছাপিয়ে গিয়েছে। তালিকায় এর পরই রয়েছে আল্লু আর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’। চন্দন-পাচারের কাহিনিটি বিশ্বজুড়ে ১,৭৪২ কোটি রুপি আয় করেছে। আর সামনে থাকবে প্রভাসের ‘বাহুবলি ২’ ও আমির খানের ‘দঙ্গল’। যেভাবে দ্রুতগতিতে এগোচ্ছে তাতে আমির খানের ‘দঙ্গল’-এর ২ হাজার ৭০ কোটি আয়ের রেকর্ড হয়তো শিগগির ধরে ফেলবে ‘ধুরন্ধর ২’। তবে আমির খানের সিনেমাটি চীনের বাজার থেকে বিশাল পরিমাণ আয় করেছিল। আর সেই আয়েই ভারতের ইতিহাসে জায়গা করে নেয় ‘দঙ্গল’।
গত ডিসেম্বরে মুক্তি পেয়েছিল আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত গোয়েন্দা-থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’। মাত্র তিন মাসের ব্যবধানে আগামী ১৯ মার্চ সিনেমা হলে এর সিক্যুয়েলে আমির হামজার চরম প্রতিশোধ দেখা গেছে পর্দায়। রণবীরের দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি আদিত্য ধরের প্রায় চার ঘণ্টার টানটান চিত্রনাট্য দর্শকদের সিটে বসিয়ে রাখছে। রণবীর সিং ছাড়াও এই ছবিতে আর মাধবন, অর্জুন রামপাল এবং সঞ্জয় দত্তের মতো শক্তিশালী কাস্ট ছবিটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। পাকিস্তান ও আন্ডারওয়ার্ল্ডের প্রেক্ষাপটে তৈরি এই প্রতিশোধের গল্পটি দর্শকদের মধ্যে দেশপ্রেমের আবেগকেও উস্কে দিয়েছে।