রাহুলের মৃত্যু নিয়ে টালিগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি

টালিগঞ্জে শুরু হলো অনির্দিষ্টকালের কর্মবিরতি। মর্মান্তিক দুর্ঘটনায় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মঙ্গলবার সকাল থেকে স্তব্ধ টলিপাড়া। শিল্পীদের নিরাপত্তার দাবিতে এই ডাক দেওয়া হয়েছে।
গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অভিনেতার এমন মর্মান্তিক পরিণতি সিনেইন্ডাস্ট্রির শিল্পী, কলাকুশলীদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, ভবিষ্যতে যাতে টালিগঞ্জ স্টুডিওপাড়ার আর কোনো সদস্যকে এমন পরিণতির শিকার না হতে হয়, তার জন্যে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা এবং প্রযোজকরা একজোট হয়ে শিল্পী-কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে কর্মবিরতির আহ্বান জানিয়েছেন। সেই ডাকে সাড়া দিয়েই মঙ্গলবার সকাল থেকে স্তব্ধ টলিপাড়া।

মঙ্গলবার সকাল থেকেই টেকনিশিয়ান্স স্টুডিওতে হাজির হয়েছেন শিল্পী-কলাকুশলীরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত, অম্বরীশ ভট্টাচার্য, সুমন্ত, মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, সুদীপ্তা চক্রবর্তী, রাহুল মজুমদার, সৌমিতৃষা কুণ্ডু, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস থেকে ইমপা সভাপতি পিয়া সেনগুপ্তসহ গোটা কলকাতার বিনোদন দুনিয়া। সকলের মুখেই এক কথা, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় চলে গিয়ে সতর্ক করে দিয়ে গেল সকলকে।
মঙ্গলবার প্রযোজক-পরিচালক থেকে ফেডারেশন, ইম্পা সকলের সঙ্গেই অভিনেতা-অভিনেত্রীরা দফায় দফায় বৈঠক করবেন ৷ শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থার দাবি ও তার সঙ্গে রাহুল বন্দ্যোপাধ্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি নিয়েই এই কর্মবিরতির ডাক সকল তারকাদের। সকাল ১০টা থেকে একে একে তারকারা এসে উপস্থিত হন। এদিন স্টুডিওপাড়ায় উপস্থিত হন প্রয়াত রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও।