রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন নিশো, যা বললেন মেহজাবীন

অবশেষে ঘোষণা করা হলো রাষ্ট্রীয় সম্মান ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ । বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২৮টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোট ৩০ শিল্পী ও কুশলীকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
এদিকে, জনপ্রিয় অভিনেতা আফরান নিশো তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। রায়হান রাফি পরিচালিত এ সিনেমাটি ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পেয়ে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল।
প্রথম সিনেমাতে আফরান নিশোর এই পুরস্কারে শোবিজ অঙ্গনে প্রশংসার জোয়ার বয়ে গেছে। এবার ফেসবুকে অভিনেত্রী মেহজাবীন লিখলেন, অভিনন্দন আফরান নিশো ভাইয়া। প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সিনেমায় নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা। চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।
প্রজ্ঞাপন থেকে জানা গেছে, এবার সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ‘সাঁতাও’। আর সেরা নির্মাতার পুরস্কারটি ঝুলিতে নিয়েছেন খন্দকার সুমন। অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল এবং সেরা শব্দগ্রাহক হিসেবে পাচ্ছেন একই সিনেমার জন্য সুজন মাহমুদ। এ নিয়ে সিনেমাটি মোট চারটি বিভাগে পুরস্কার পেয়েছে।
যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু। দুজনই প্রয়াত।
অন্যদিকে, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পুরস্কার পাচ্ছেন সেরা পার্শ্ব অভিনেতা মনির আহম্মেদ শাকিল (সুড়ঙ্গ), সেরা পার্শ্ব অভিনেত্রী নাজিয়া হক অর্ষা (ওরা সাতজন), সেরা অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে আশীষ খন্দকার (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন), সেরা অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে শহীদুজ্জামান সেলিম (সুড়ঙ্গ), সেরা শিশুশিল্পী মো. লিয়ন (আম কাঁঠালের ছুটি) এবং শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার আরিফ হাসান (আম কাঁঠালের ছুটি)।
সেরা সংগীত পরিচালক ইমন চৌধুরী (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন), সেরা নৃত্য পরিচালক হাবিবুর রহমান (লাল শাড়ি), সেরা গায়ক বালাম (ও প্রিয়তমা, ‘প্রিয়তমা’); সেরা গায়িকা অবন্তী সিঁথি (এ গা ছুঁয়ে বলো, ‘সুড়ঙ্গ’); সেরা গীতিকার সোমেশ্বর অলি (ঈশ্বর ‘প্রিয়তমা’) এবং সেরা সুরকার প্রিন্স মাহমুদ (ঈশ্বর, ‘প্রিয়তমা’)।
সেরা কাহিনিকার ফারুক হোসেন (প্রিয়তমা), সেরা চিত্রনাট্যকার নিয়ামুল মুক্তা (রক্তজবা), যুগ্মভাবে সেরা সংলাপ রচয়িতা রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (সুড়ঙ্গ)।
সেরা সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ (ওরা সাতজন), সেরা শিল্প নির্দেশক শহীদুল ইসলাম (সুড়ঙ্গ), সেরা চিত্রগ্রাহক সুমন কুমার সরকার (সুড়ঙ্গ), সেরা পোশাক ও সাজসজ্জা বীথি আফরীন (সুড়ঙ্গ) এবং সেরা মেকআপম্যান সবুজ (প্রিয়তমা)।
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চৈত্রালী সমদ্দারের ‘মরিয়ম’, সেরা প্রামাণ্যচিত্র এলিজা বিনতে এলাহীর ‘লীলাবতী নাগ : দ্য রেবেল’।