রাহুলের ফুসফুসে মিলেছে অত্যধিক বালি ও নোনা পানি

শুটিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। তার হৃদয়বিদারক মৃত্যুতে শোকস্তব্ধ ও হতবাক সিনেমা অঙ্গন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ওড়িশা রাজ্যের তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন রাহুল। সেখানেই ঘটে দুর্ঘটনা। সমুদ্রে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন। যদিও শেষ পর্যন্ত আর অভিনেতাকে বাঁচানো যায়নি।
সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টায় তমলুক হাসপাতালে শুরু হয় অভিনেতার মরদেহের ময়নাতদন্ত। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, পানিতে ডুবেই মৃত্যু হয়েছে তার। দীর্ঘসময় পানির নিচে ছিলেন রাহুল। ফলে তার ফুসফুস ফুলে দ্বিগুণ আকার ধারণ করেছে। ফুসফুসের ভেতর অত্যধিক পরিমাণে বালি ও নোনা পানি মিলেছে।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, অল্প সময় পানিতে ডুবে থাকলে ফুসফুসের ভেতরে এত বালু যাওয়া সম্ভব নয়। ধারণা করা হচ্ছে, প্রায় এক ঘণ্টারও বেশি সময় পানির নিচে ছিল রাহুলের মরদেহ। পানিতে ডুবে থাকার ফলে তাঁর খাদ্যনালিতেও বালি ও নোনা জল প্রবেশ করেছে।
অভিনেতার মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ পুলিশের। অনুমতি ছাড়াই শুটিং করা হয়েছে বলেই অভিযোগ তাদের।
১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনয় যাত্রা শুরু করেন বাবার সঙ্গে রাজ দর্শন নামের একটি নাটকে বিজয়গড় থিয়েটার দলের মাধ্যমে। এরপর থেকে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন।