logo
Advertisement

ফের রেসিং ট্র্যাকে দুর্ঘটনা, কেমন আছেন অজিত কুমার?

এশিয়া পোস্ট বিনোদন
ফের রেসিং ট্র্যাকে দুর্ঘটনা, কেমন আছেন অজিত কুমার?
অজিত কুমার। ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা অজিত কুমার ফের রেসিং ট্র্যাকে দুর্ঘটনার শিকার হয়েছেন। ইউরোপে চলমান একটি আন্তর্জাতিক এন্ডুরেন্স রেসে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনায় কোনো আঘাত পাননি এই অভিনেতা। আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ও দীর্ঘদিনের রেসিং অভিজ্ঞতার কারণে নিরাপদেই গাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মিবেট তামিল জানিয়েছে, ইউরোপে অনুষ্ঠিত এন্ডুরেন্স রেস চলাকালে অজিত কুমারের গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িতে গিয়ে আঘাত করে। দুর্ঘটনার সময় রেসে তীব্র প্রতিযোগিতা চলছিল। একই সময়ে গাড়ির চাকার কার্যকারিতা নষ্ট হওয়াসহ আরও কিছু প্রযুক্তিগত সমস্যার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংঘর্ষের পর গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও অজিত কুমার নিরাপদে গাড়ি থেকে বের হয়ে আসতে সক্ষম হন। প্রতিবেদনে বলা হয়েছে, রেসিং কারের আধুনিক সেফটি সিস্টেম এবং অজিতের পেশাদার রেসিং অভিজ্ঞতা তাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্তরা। পরে অজিত অক্ষত আছেন জানতে পেরে স্বস্তি ফেরে তাদের মধ্যে।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই মোটরস্পোর্টসের সঙ্গে যুক্ত অজিত। ২০২৫ সালে তিনি নিজের রেসিং দল অজিত কুমার রেসিং নিয়ে আন্তর্জাতিক এন্ডুরেন্স রেসিংয়ে ফের সক্রিয় হন। দলটির নিজস্ব ওয়েবসাইটে বলা হয়েছে, নিরাপত্তাকে তাদের রেসিং কার্যক্রমের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে দেখা হয় এবং আন্তর্জাতিক এফআইএ নিরাপত্তা মান অনুসরণ করা হয়।

চলতি মৌসুমেও আন্তর্জাতিক রেসিংয়ে নিয়মিত অংশ নিচ্ছেন অজিত। রেসিং ডেটাবেস অনুযায়ী, ২০২৬ সালে ১২ ঘণ্টার মুগেলো রেসে তার দল নবম, স্পায় ষষ্ঠ এবং পল রিকার্ডের ১২ ঘণ্টার রেসে পঞ্চম স্থান অর্জন করেছে। নুরবুর্গরিংয়ের ১২ ঘণ্টার রেসেও অংশ নিয়েছেন তিনি।

রেসিং ক্যারিয়ারে দুর্ঘটনার মুখোমুখি হওয়া অজিতের জন্য অবশ্য নতুন নয়। ২০২৫ সালের জানুয়ারিতে দুবাই ২৪ আওয়ার রেসের আগে অনুশীলনের সময় তার পোর্শে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যারিয়ারে আছড়ে পড়ে। সেবারও অক্ষত ছিলেন তিনি। পরে তার দল জানায়, দুর্ঘটনার পর অজিতের অংশগ্রহণের পরিকল্পনায় পরিবর্তন আনা হলেও তিনি রেসিং কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকেন।

এ ছাড়া ২০২৫ সালে স্পেনের ভ্যালেন্সিয়ায় রেসিংয়ের সময়ও দুর্ঘটনার মুখে পড়েছিলেন অজিত। তার ম্যানেজার সুরেশ চন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষের পর তার গাড়ি দুবার উল্টে গেলেও অজিত অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন।

অভিনেতা হিসেবে তুমুল জনপ্রিয়তার পাশাপাশি মোটরস্পোর্টসে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন অজিত কুমার। তাই নতুন এই দুর্ঘটনার পরও তার নিরাপদে ফিরে আসার খবরেই স্বস্তি পেয়েছেন ভক্তরা।

সূত্র: ফিল্মিবেট তামিল, মালাইমালার

ফের রেসিং ট্র্যাকে দুর্ঘটনা, কেমন আছেন অজিত কুমার?