জাহ্নবীর কাছে সিনেমার দর্শকরাই ঈশ্বর

বলিউড ডিভা জাহ্নবী কাপুরের কাছে চলচ্চিত্র শুধু একটি বিনোদন মাধ্যম নয়; বরং এটি এক ধরনের ‘সেবামূলক কাজ’। আসন্ন তেলেগু সিনেমা ‘পেদ্দি’ মুক্তির আগে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীকন্যা জাহ্নবী।
ভারতীয় গণমাধ্যম আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, বর্তমানে অনেকেই কোনো সিনেমা না দেখেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু করে দেন। তবে তিনি বিশ্বাস করেন, সততা, কঠোর পরিশ্রম এবং ভালো উদ্দেশ্য নিয়ে তৈরি কোনো সিনেমা শেষ পর্যন্ত ঠিকই তার কাঙ্ক্ষিত দর্শকের কাছে পৌঁছে যায়।
দর্শক খুব দ্রুত বিচার করে ফেলে জানিয়ে ‘ধড়ক’ তারকা বলেন, ‘দিনের শেষে সিনেমা তৈরি করাও এক ধরনের সেবামূলক কাজ। আমরা দর্শকদের জন্যই সিনেমা বানাই, তাদের বিনোদন দেওয়ার জন্য কাজ করি।’
দর্শকদের মতামতের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘দর্শকই ঈশ্বর। আমরা তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করি। তাই তারা কী বলছে বা কী অনুভব করছে, তা পুরোপুরি উপেক্ষা করা যায় না।’ সূত্র: টাইমস এন্টারটেইনমেন্ট
সব ধরনের প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়ে এই অভিনেত্রী বলেন, সমালোচনা বা মতামত শিল্পীদের আরও ভালো কাজ করতে উৎসাহ দেয়।
এদিকে বুচি বাবু সানা পরিচালিত ‘পেদ্দি’ ছবিতে জাহ্নবীর সঙ্গে অভিনয় করেছেন বোমান ইরানি, শিব রাজকুমার, জগপতি বাবু ও দিব্যেন্দু। বহু প্রতীক্ষিত ছবিটি আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
