রজনীকান্তকে উদ্ধারে হাত বাড়াচ্ছেন শাহরুখ

ভারতীয় সিনেমার প্রাণপুরুষ ‘থালাইভা’। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গোটা উপমহাদেশেই জনপ্রিয় ‘দ্য গ্রেট রজনীকান্ত’। দক্ষিণী সুপারস্টার হলেও উপমহাদেশ জুড়েই ‘থালাইভা’ বা সেনাপতি হিসেবেই দেখা হয় রজনীকান্তকে। ২০২৩-এ অ্যাকশন কমেডি ‘জেলার’ দিয়ে ৭৪ বছর বয়সেও বক্স অফিস তোলপাড় করেছেন। আর এ বছর আসতে যাচ্ছে সেই সাড়া জাগানো সিনেমাটির সিক্যুয়েল ‘জেলার ২’। সিনেমাটি আগামী জুনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
চলতি বছরের সবচেয়ে আলোচিত ভারতীয় সিনেমাগুলোর একটি হতে যাচ্ছে ‘জেলার ২’। প্রথম পর্বের মতো দ্বিতীয় কিস্তিতেও রজনীকান্তকে ঘিরেই আবির্ভূত হবে সিনেমাটি। বরাবরের মতো মুখ্য ভূমিকায় থাকলেও এবার এক আকর্ষণ নিয়েই পর্দায় হাজির হচ্ছেন থালাইভা। প্রথম পর্বে বিভিন্ন সময় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মুথুভেল পান্ডিয়ান চরিত্রে অভিনয় করা রজনীকান্তের দিকে সাহায্যের হাত বাড়িয়েছিলেন মোহনলাল, শিব রাজকুমার, জ্যাকি শ্রফরা। আর এবার মুথুভেল পান্ডিয়ানকে মহাবিপদ থেকে উদ্ধারে হাত বাড়িয়ে দেওয়ার জন্য এগিয়ে আসছেন বলিউড বাদশা শাহরুখ খান।
হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, ‘জেলার ২’-এ শাহরুখ খানের রজনীকান্তের কাছের বন্ধু হিসেবে একটি বিশেষ ভূমিকা থাকবে। এরই মধ্যে নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটির মূল অংশের শুটিং প্রায় শেষ। তবে, শাহরুখ খানের ক্যামিও চরিত্রটির শুটিং এখনো শুরু হয়নি। নির্মাতারা তার ক্যামিও চরিত্রটির জন্য আলাদা তারিখ নির্ধারণ করেছেন। এই মাসের শেষের দিকে শুটিং হওয়ার কথা রয়েছে।
রজনীকান্তের চরিত্র একটা ভয়াবহ পরিস্থিতির শিকার হবে। সেই সময় শাহরুখ খানের চরিত্রটি এগিয়ে আসবে ভয়াবহ পরিস্থিতি থেকে রজনীকান্তকে উদ্ধারে। দুই অভিনেতা একই ফ্রেমে নজর কাড়বেন নিশ্চিত। এতে শাহরুখ খানের চরিত্রটি রজনীকান্তের একজন বিশ্বাসী এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ধরা দেবে। তবে একটি বিশাল টুইস্ট রেখে দিয়েছেন পরিচালক—কোন চরিত্র নিয়ে পর্দায় হাজির হবেন বলিউড কিং শাহরুখ। রহস্য জানা যাবে সিনেমা মুক্তির পরই।
‘জেলার ২’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন নেলসন। এই ছবি দিয়েই বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অভিষেক হবে। জেলারের এবারে সিক্যুয়েলে আরও অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, রম্য কৃষ্ণন, যোগী বাবু, মিরনা এবং আন্না রাজন। শাহরুখ খান ছাড়াও মোহনলাল, বিজয় সেতুপতি, শিব রাজকুমার এবং বিনায়কনকে এই অ্যাকশন কমেডি সিনেমায় ক্যামিও করতে দেখা যাবে।