শুটিং শেষ করেই হাসপাতালে যান অসুস্থ নিকোল কিডম্যান

নব্বইয়ের দশকে তরুণহৃদয়ে ঝড় তুলে বিশ্বের অন্যতম সেরা অভিনেত্রীর মর্যাদা পান মার্কিন-অস্ট্রেলিয়ান অভিনেত্রী নিকোল কিডম্যান। অস্কারজয়ী এই অভিনেত্রী সম্প্রতি শুটিংয়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এর পরও তিনি শুটিং শেষ না হওয়া পর্যন্ত সেটে উপস্থিত ছিলেন। শুটিং শেষ করেই যান হাসপাতালে। সেখানে চিকিৎসকের পরামর্শে তাকে তাৎক্ষণিক ভর্তি করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল ‘মার্গোস গট মানি ট্রাবলস’-এর শুটিংয়ের সময় অসুস্থবোধ করেন নিকোল। কিন্তু পেশাদারিত্বে অনড় থেকে অসুস্থ অবস্থায় পুরো দিনের শুটিং শেষ করেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
নিকোলের পেশাদারিত্বের প্রশংসা করে অভিনেত্রীর সহকর্মী নিক অফারম্যান পিপল ম্যাগাজিনকে জানান, শুটিংয়ের প্রথম দিনই নিকোল ফ্লুতে আক্রান্ত হয়ে পড়েন। সেসময় শুটিং স্পটের বিশাল সেটে কয়েকশ অতিরিক্ত শিল্পী ছিলেন। প্রযোজনার আর্থিক ক্ষতি এড়াতে অভিনেত্রী বিশ্রাম না নিয়ে কাজ চালিয়ে যান।
হাসপাতালে ৫৮ বছর বয়সী এই অভিনেত্রীর শিরায় তরল চিকিৎসা (আইভি থেরাপি) দেওয়া হয়। এরপর তিনি সুস্থ বোধ করেন।
১৯৮৩ সালে ১৬ বছর বয়সে অস্ট্রেলিয়ান ক্ল্যাসিক ‘বুশ ক্রসিমাস’ দিয়ে নিকোল কিডম্যানের অভিনয় জীবন শুরু। ক্যারিয়ারে অসাধারণ অভিনয়ের জন্য বেশ কয়েকবার অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার পান।