বলিউডের ১৫ তারকার অজানা পেশার গল্প

ক্যামেরার ঝলমলে আলো ও কোটি মানুষের ভালোবাসার পেছনে থাকে অনেক না-বলা সংগ্রামের গল্প। আজ যারা বলিউড ও হিন্দি সিনেমার জনপ্রিয় ও প্রতিষ্ঠিত তারকা, রুপালি পর্দায় পা রাখার আগে তাদের অনেকেরই জীবনযাত্রা ছিল একেবারে ভিন্ন।
কেউ সামলেছেন কর্পোরেট অফিসের চাকরি, কেউ হোটেলে খাবার পরিবেশন করেছেন, আবার কেউ কাজ করেছেন ক্যামেরার পেছনে। কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তিতে সাধারণ জীবন পেরিয়ে হিন্দি সিনেমার শীর্ষে পৌঁছানো এমনই ১৫ জন জনপ্রিয় তারকার অতীতের পেশার গল্প থাকছে এই প্রতিবেদনে:
১. অমিতাভ বচ্চন
বলিউডের ‘বিগ বি’ হওয়ার আগে অমিতাভ বচ্চনের জীবন ছিল একেবারে ভিন্ন। নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন ভারতের কলকাতায়। একটি শিপিং সংস্থায় চাকরি করার পাশাপাশি সেখানে পণ্য বেচাকেনার মধ্যস্থতাকারী (ব্রোকার) হিসেবেও কাজ করেছেন তিনি।

২. অক্ষয় কুমার
ব্যাংককের রেস্তরাঁ থেকে বলিউডের ‘খিলাড়ি’ হওয়ার যাত্রা মোটেই সহজ ছিল না। মার্শাল আর্ট শিখতে দীর্ঘদিন ব্যাংককে অবস্থানকালে উপার্জনের জন্য তিনি রেস্তরাঁয় শেফ (রন্ধনশিল্পী) ও খাদ্য পরিবেশক হিসেবে কাজ করেন। পরে ভারতে ফিরে মার্শাল আর্টের ট্রেনার হিসেবে কাজ করার সময় মডেলিংয়ের সুযোগ পান এবং সেখান থেকেই শুরু হয় তার অভিনয় জীবন।

৩. নওয়াজুদ্দীন সিদ্দিকী
রসায়নে স্নাতক সম্পন্ন করার পর একটি প্রতিষ্ঠানে কেমিস্ট (রসায়নবিদ) হিসেবে চাকরি শুরু করেছিলেন নওয়াজুদ্দীন। তবে অভিনয়ের টানে চাকরি ছেড়ে যুক্ত হন থিয়েটারে। পরে দিল্লির ‘ন্যাশনাল স্কুল অব ড্রামা’ (এনএসডি) থেকে পড়াশোনা শেষ করে মুম্বাই পাড়ি জমান এবং দীর্ঘ সংগ্রাম শেষে নিজের শক্ত অবস্থান তৈরি করেন।

৪. বোমান ইরানী
অভিনয়ে পরিচিতি পাওয়ার আগে মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে খাদ্য পরিবেশক ও ‘রুম সার্ভিস’ কর্মী হিসেবে কাজ করতেন বোমন ইরানী। ফটোগ্রাফির প্রতি ভালোবাসা থেকে পরবর্তীতে হোটেলের চাকরি ছেড়ে ক্যামেরা হাতে নেন এবং বেশ কিছু বিজ্ঞাপনের কাজ করার পর ধীরে ধীরে চলচ্চিত্রে যুক্ত হন।

৫. জন আব্রাহাম
মডেল হিসেবে জনপ্রিয় হওয়ার আগে জন আব্রাহামের ক্যারিয়ার ছিল কর্পোরেট জগতকেন্দ্রিক। তিনি একটি প্রতিষ্ঠানে ‘মিডিয়া প্ল্যানার’ হিসেবে চাকরি করতেন। চাকরি ও পড়াশোনার পাশাপাশি মডেলিং শুরু করেন এবং ‘জিসম’ ছবির মাধ্যমে বড় পর্দায় আসেন।

৬. রণবীর সিং
লেখালিখির প্রতি টান থাকায় ক্যারিয়ারের শুরুতে একটি আন্তর্জাতিক বিজ্ঞাপনী সংস্থায় ‘কপিরাইটার’ হিসেবে কাজ করতেন রণবীর সিং। তবে অভিনয়ের তীব্র আকাঙ্ক্ষা থেকে সেই কাজ ছেড়ে অডিশন দেওয়া শুরু করেন এবং ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন।

৭. আয়ুষ্মান খুরানা
সিনেমায় আসার আগে আয়ুষ্মান ছিলেন বিনোদন জগতের পরিচিত মুখ। দীর্ঘদিন রেডিও জকি (আরজে), ভিডিও জকি (ভিজে) ও সঞ্চালক হিসেবে কাজ করেছেন। ২০০৪ সালে ‘ভিকি ডোনার’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসার আগেই গান ও উপস্থাপনার মাধ্যমে দর্শকের মন জয় করেছিলেন তিনি।

৮. তাপসী পান্নু
পড়াশোনায় দারুণ মেধাবী তাপসী পান্নু কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। এর পর একটি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে মডেলিংয়ের সুযোগ পেয়ে প্রকৌশল পেশা ছেড়ে অভিনয় জগতে প্রবেশ করেন।

৯. সোহা আলি খান
নবাব পরিবারের সন্তান সোহা আলি খান বিদেশে পড়াশোনা শেষ করে একটি বহুজাতিক ব্যাংকে কর্পোরেট কর্মকর্তা হিসেবে চাকরি শুরু করেন। নিরাপদ সেই চাকরি ছেড়ে পরবর্তীতে অভিনয় জগতে আসেন। বর্তমানে তিনি একজন জনপ্রিয় লেখিকাও।

১০. পরিণীতি চোপড়া
যুক্তরাজ্যে পড়াশোনা শেষে বলিপাড়ার খ্যাতনামা প্রযোজনা সংস্থা ‘যশরাজ ফিল্মস’-এর মার্কেটিং ও জনসংযোগ (পিআর) বিভাগে কাজ শুরু করেন পরিণীতি। অর্থাৎ প্রতিষ্ঠানের ছবির প্রচারের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে সেই প্রতিষ্ঠান থেকেই অভিনেত্রী হিসেবে ডেবিউ করার সুযোগ পান তিনি।

১১. ভূমি পেডনেকর
অভিনেত্রী হওয়ার আগে ‘যশরাজ ফিল্মস’-এর কাস্টিং ডিরেক্টরের সহকারী হিসেবে কাজ করতেন ভূমি। বিভিন্ন চলচ্চিত্রের জন্য বহু অভিনেতার অডিশন নেওয়ার কাজ সামলেছেন তিনি। পরে নিজের নেওয়া একটি অডিশনের মাধ্যমেই প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান।

১২. সোনাক্ষী সিনহা
ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করা সোনাক্ষী শুরুতে কস্টিউম ডিজাইনার হিসেবে চলচ্চিত্রে যুক্ত ছিলেন। পরে সালমান খানের অনুপ্রেরণায় নিজের শারীরিক গঠনে বড় পরিবর্তন এনে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তার একটি নখের অলঙ্করণের (নেল আর্ট) নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

১৩. ভিকি কৌশল
ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করলেও কর্পোরেট চাকরি বেছে নেননি ভিকি কৌশল। বাবা বিখ্যাত স্টান্ট ডিরেক্টর শাম কৌশল হওয়া সত্ত্বেও তিনি নিজে সহকারী পরিচালক হিসেবে সিনেমা মেকিংয়ের কাজ শেখা শুরু করেন এবং পরে অডিশন দিয়ে অভিনয় শুরু করেন।

১৪. পঙ্কজ ত্রিপাঠী
সাফল্যের পেছনে পঙ্কজ ত্রিপাঠীর সংগ্রামের ইতিহাস দীর্ঘ। অভিনয়ে সুযোগ পাওয়ার আগে জীবিকা নির্বাহের জন্য পাটনার একটি হোটেলে ‘কিচেন সুপারভাইজার’ হিসেবে কাজ করতেন তিনি। পরবর্তীতে থিয়েটার ও ছোটখাটো চরিত্র করতে করতে আজ তিনি রূপালী পর্দার অন্যতম বড় নাম।

১৫. দেব আনন্দ
হিন্দি সিনেমার চিরসবুজ নায়ক দেব আনন্দের কর্মজীবন শুরু হয়েছিল একেবারেই সাধারণ একজন ‘ক্লার্ক’ বা কেরানি হিসেবে। বাঁধাধরা সেই চাকরি ছেড়ে অভিনয়ের স্বপ্ন নিয়ে মুম্বাই আসেন এবং পরবর্তীতে একের পর এক কালজয়ী সিনেমা উপহার দিয়ে তারকা হয়ে ওঠেন।

সূত্র: আনন্দবাজার
.png)


