logo
Advertisement

এবার শুভশ্রীর প্রতি দেবের খোলা চিঠি

এশিয়া পোস্ট বিনোদন
এবার শুভশ্রীর প্রতি দেবের খোলা চিঠি
ছবি: দেবের ফেসবুক থেকে

দেবের প্রথম পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর শুটিং শেষ হওয়ার পর একে একে সামনে এসেছে দেব-শুভশ্রীর আবেগঘন কথোপকথন। শুটিংয়ের শেষ দিনে দেবকে উদ্দেশ করে খোলা চিঠি লিখেছিলেন শুভশ্রী গাঙ্গুলি। এবার সেই চিঠির জবাব দিলেন দেব। শুভশ্রীকে উদ্দেশ করে দেওয়া তার খোলা চিঠিতে উঠে এসেছে পুরোনো সম্পর্কের নস্ট্যালজিয়া, পারস্পরিক শ্রদ্ধা এবং নতুন করে তৈরি হওয়া পেশাগত বোঝাপড়ার কথা।

Advertisement

শুটিং শেষের দিন শুভশ্রী লিখেছিলেন, তাদের দুজনের পথচলা প্রায় একই সময়ে শুরু হলেও ‘দেশু ৭’-এর অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ আলাদা। কারণ, এবার তিনি দেবকে শুধু সহঅভিনেতা হিসেবে নয়, পরিচালক হিসেবেও কাছ থেকে দেখেছেন। দেবের ভাবনাকে কীভাবে পর্দায় বাস্তবে রূপ নিতে দেখেছেন, সেই অভিজ্ঞতাও চিঠিতে তুলে ধরেছিলেন অভিনেত্রী।

শুভশ্রীর সেই আবেগঘন চিঠির কয়েক দিন পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উত্তর দেন দেব। চিঠির শুরুতেই ‘দেশু ৭’-এর অংশ হওয়ার জন্য শুভশ্রীকে ধন্যবাদ জানান তিনি।

দেব লেখেন, প্রথমবার সিনেমা পরিচালনায় আসার সিদ্ধান্ত নেওয়ার সময় তার চারপাশে ছিল অনেক অনিশ্চয়তা। এমনকি দুর্গাপূজার সময় সিনেমা মুক্তির অনুমতিও পাওয়া যাচ্ছিল না। সেই কঠিন সময়ে শুভশ্রী তার পাশে দাঁড়িয়েছিলেন। শুধু তাই নয়, সিনেমার চিত্রনাট্য, নাম কিংবা শেষ পর্যন্ত ছবিটি কেমন হবে, কিছুই না জেনেই ‘দেশু ৭’-এ অভিনয়ের সম্মতি দিয়েছিলেন তিনি।

এই সিনেমার যাত্রায় শুভশ্রীকে নতুন করে আবিষ্কার করার কথাও জানিয়েছেন দেব। দীর্ঘদিন ধরে তাকে চেনেন, কিন্তু ‘দেশু ৭’ তাকে উপলব্ধি করিয়েছে- অভিনেত্রী হিসেবে যেমন শুভশ্রী পরিণত হয়েছেন, তেমনি মানুষ হিসেবেও তার অনেক পরিবর্তন হয়েছে। পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে শুভশ্রী যেভাবে ভারসাম্য বজায় রাখছেন, তারও প্রশংসা করেছেন দেব।

শুভশ্রীর বেড়ে ওঠা, পরিণত হওয়া এবং সাফল্যের পরও মাটির কাছাকাছি থাকার বিষয়টি তাকে অনুপ্রাণিত করে বলেও জানিয়েছেন দেব।

দেবের ভাষায়, তাদের দুজনের পথচলা প্রায় একই সময়ে শুরু হয়েছিল। সেই পথই এবার তাদের নতুন একটি অধ্যায়ে আবার একসঙ্গে এনেছে। পরিচালক হিসেবে এটি তার প্রথম সিনেমা হলেও ‘দেশু ৭’ তাকে সিনেমার বাইরেও বিশেষ কিছু দিয়েছে এমনটাই মনে করেন দেব। আর সেই প্রাপ্তির অন্যতম হলো, নিজের ভিশন সম্পর্কে বিস্তারিত জানার আগেই শুভশ্রীর মতো একজন মানুষের সেই ভাবনার ওপর বিশ্বাস রাখা।

চিঠিতে শুভশ্রীকে পাশে দাঁড়ানো, তার ওপর আস্থা রাখা এবং এই যাত্রার অংশ হওয়ার জন্য ধন্যবাদ জানান দেব। একই সঙ্গে এত বছর পরও দর্শকদের মাঝে দেব-শুভশ্রী জুটির প্রতি ভালোবাসা ও আগ্রহ ধরে রাখতে ভূমিকা রাখার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সবশেষে শুভশ্রীর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়ে দেব বলেন, তার ওপর এবং ‘দেশু ৭’-এর ভাবনার ওপর বিশ্বাস রাখার জন্য তিনি সবসময় কৃতজ্ঞ থাকবেন।

দেব-শুভশ্রীর এই চিঠি-পাল্টা চিঠিতে ফের সামনে এসেছে তাদের পুরোনো জুটির সেই পরিচিত আবেগ। একসময় প্রেমের সম্পর্ক ও পর্দার রসায়ন নিয়ে তুমুল আলোচনায় থাকা এই জুটি দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজ করছেন। ২০২৫ সালে ‘ধূমকেতু’র মাধ্যমে তাদের পুনর্মিলনের পর দর্শকদের আগ্রহ আরও বেড়েছিল। এবার ‘দেশু ৭’-এ তাদের নতুন অধ্যায় ঘিরে সেই আগ্রহই যেন আরও একবার সামনে এসেছে।

এবার শুভশ্রীর প্রতি দেবের খোলা চিঠি