logo
Advertisement

১১ বছর পর রাজ-মিমির পুনর্মিলন

এশিয়া পোস্ট বিনোদন
১১ বছর পর রাজ-মিমির পুনর্মিলন
ছবি: রাজ ও মিমি

টলিউডে একসময় আলোচিত জুটি ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি পেশাগতভাবেও একসঙ্গে বেশ কয়েকটি সফল কাজ উপহার দিয়েছেন তারা। তবে সম্পর্কের ইতি টানার পর দীর্ঘদিন একই প্রজেক্টে দেখা যায়নি দুজনকে। এবার সেই দীর্ঘ দূরত্ব পেরিয়ে ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন রাজ ও মিমি।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা জানিয়েছে, রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার একটি নতুন সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন মিমি চক্রবর্তী। জি ফাইভের জন্য নির্মিতব্য এই প্রকল্পটি হবে সারভাইভাল থ্রিলার ঘরানার। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন নারীকে ঘিরে। সিনেমাটি পরিচালনা করবেন ‘কালরাত্রি’খ্যাত অয়ন চক্রবর্তী।

মিমির ব্যক্তিগত সহকারী টিভি নাইন বাংলা -কে জানিয়েছেন, সিনেমাটি নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষ দিকে শুটিং শুরু করতে পারেন অভিনেত্রী।

তবে এবার রাজের সঙ্গে মিমির সম্পর্কের সমীকরণটা ভিন্ন। রাজ থাকছেন না পরিচালকের আসনে; প্রযোজকের ভূমিকায় থাকবেন তিনি। ফলে ১১ বছর পর তাদের এই পেশাগত পুনর্মিলন টলিপাড়ায় স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি করেছে।

রাজের পরিচালনায় ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পরিচিতি পান মিমি। এরপর ‘যোদ্ধা’ এবং ২০১৫ সালে ‘কাটমুণ্ডু’ সিনেমাতেও একসঙ্গে কাজ করেন তারা। ‘কাটমুণ্ডু’র পর আর রাজ-মিমিকে একই সিনেমায় দেখা যায়নি।

কাজ করতে গিয়েই রাজ ও মিমির মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল বলে দীর্ঘদিন ধরে টলিপাড়ায় আলোচনা রয়েছে। পরে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর রাজ বিয়ে করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। ব্যক্তিগত সম্পর্কের সেই অধ্যায় পেছনে ফেলে দুজনই নিজেদের পেশাগত জীবনে এগিয়ে গেছেন।

এর আগে রাজের সঙ্গে আবার কাজ করার সম্ভাবনা নিয়ে মিমি জানিয়েছিলেন, উপযুক্ত গল্প ও চরিত্র পেলে পেশাগতভাবে একসঙ্গে কাজ করতে তার আপত্তি নেই। ফলে এবার সেই সম্ভাবনাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

এদিকে চলতি বছর টলিউডে একের পর এক পুরোনো জুটির পুনর্মিলন নিয়ে আলোচনা চলছে। দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পর্দায় ফের একসঙ্গে কাজ করার খবরের মধ্যেই রাজ-মিমির এই সম্ভাব্য প্রত্যাবর্তন নতুন করে দর্শকের আগ্রহ তৈরি করেছে।

সূত্র: টিভি নাইন বাংলা, সংবাদ প্রতিদিন