প্রকাশ্যে এলো ‘ধুরন্ধর ২’-এর হাইভোল্টেজ টিজার

গত বছর বলিউড সুপারস্টার রণবীর সিং ‘ধুরন্ধর’ দিয়ে চারদিকে শোরগোল ফেলে দেন। গোয়েন্দাভিত্তিক সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলে। প্রথম খণ্ডের রেশ এখনো কাটেনি। এরই মধ্যে সিনেপ্রেমীদের মধ্যে আবারও আলোড়ন তুলেছে ‘ধুরন্ধর ২’।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রকাশ্যে এলো দ্বিতীয় পর্বের টিজার। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (ধুরন্ধর ২)-এর টিজারে রণবীরকে আরও বিধ্বংসী রূপে দেখা যায়। প্রথম পর্বের সাফল্যের পর এবার আরও বড় পরিসরে অ্যাকশন এবং সাসপেন্স-থ্রিলার নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা ও কলাকুশলীরা।
জিও স্টুডিওর ইউটিউব চ্যানেল ছাড়াও রণবীর সিং নিজে তার সোশ্যাল মিডিয়ায় টিজারটি শেয়ার করেছেন। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন এক কড়া বার্তা— ‘এটা নতুন ভারত। সে ঘরে ঢুকবে এবং খুনও করবে।’ টিজারের টানটান উত্তেজনা দর্শকদের মধ্যে এরই মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। প্রকাশের এক ঘণ্টার মধ্যেই দশ লাখের বেশি ভক্ত দেখেছেন টিজারটি।
টিজারটি শুরু হয় কিছু হাড় হিম করা দৃশ্য দিয়ে, এরপরই পর্দায় রণবীর সিংয়ের মারকুটে এন্ট্রি। এবারের গল্পের মূল কেন্দ্রবিন্দুতে থাকছে ‘হামজা’-এর অতীত জীবন। হামজা কেন পাকিস্তানে সন্ত্রাসবাদীদের মধ্যে নিজের জীবন বাজি রেখেছিল? কেন তাকে জেলে যেতে হয়েছিল? তার পরিবারের সঙ্গেই বা কী ঘটেছিল? এসব অমীমাংসিত প্রশ্নের উত্তর মিলবে এই পর্বে।
দেড় মিনিটেরও কম সময়ের টিজারে দেখা যায়, হামজা ভয়ংকর ডাকাত রেহমানকে কুপোকাত করে বালুচদের নেতা হয়ে ওঠে। পাকিস্তানের লিয়ারিতে পৌঁছানো এবং বড় কোনো অভিযানে ঝাঁপিয়ে পড়ার আগে হামজার ভয়ংকর প্রশিক্ষণও এই ছবির বড় আকর্ষণ। টিজারে রণবীর সিং ছাড়াও নজর কেড়েছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং আর. মাধবন।
আকর্ষণের কোনো কমতি না থাকলেও একটি বড় প্রশ্ন ভক্তদের মনে উঁকি দিচ্ছে—প্রথম পর্বের অন্যতম জনপ্রিয় মুখ অক্ষয় খান্না কেন নেই টিজারে? টিজারের শেষে রাখা রহস্যময় দৃশ্যগুলো গল্পের প্রতি দর্শকদের আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।