‘বাহুবলি ৩’ নিয়ে প্রভাস-রানার মহাবিস্ফোরণ

থামছে না ‘বাহুবলি’ ধামাকা! ভক্তদের জন্য খুশির খবর, বিশ্বজুড়ে ঝড় তোলা এস এস রাজামৌলির মহাকাব্যিক ফ্র্যাঞ্চাইজি এখনই শেষ হচ্ছে না। শিগগির আসতে চলেছে এই সিরিজের নতুন কোনো প্রজেক্ট। আর ধারণা করা হচ্ছে, সেই প্রজেক্ট হতে যাচ্ছে ‘বাহুবলি ৩’। এই বড়সড় ইঙ্গিতটি দিয়েছেন স্বয়ং প্রভাস, রানা দাগ্গুবতি এবং আনুশকা শেট্টি।
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘বাহুবলি’ ফ্র্যাঞ্চাইজির অজানা কাহিনি নিয়ে চার পর্বের ডকুমেন্টারি সিরিজ—‘বাহুবলি: দ্য টর্চবেয়ারার’। সিনেমাটির নির্মাণ, সাংস্কৃতিক প্রভাব ও গৌরবময় অধ্যায় নিয়ে তৈরি এই ডকুমেন্টারির শেষ মুহূর্তে রানা দাগ্গুবতি কিছুটা কৌতুকসুরে বলেন, ‘এটা প্রকাশ্যে বলা ঠিক হচ্ছে কি না, তবে রাজামৌলি এবং প্রযোজক শোবু গারু এখানে নেই, তাই বলেই ফেলি—পৃথিবী হয়তো এখনো প্রস্তুত নয়, কিন্তু বাহুবলির গল্প আরও আসছে!’
এর পরপরই স্ক্রিন কালো হয়ে পর্দায় ভেসে ওঠে—‘অ্যান্ড দ্য লেগাসি কন্টিনিউস...’। তবে এটি সরাসরি ‘বাহুবলি ৩’ কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। সিনেমাটির নির্মাণশৈলী এবং পর্দার পেছনের রোমাঞ্চকর জার্নি নিয়ে তৈরি ডকুমেন্টারির শেষের সেই লেখাটি নিয়েই শুরু হয়েছে উন্মাদনা। সূত্র: সিনেএক্সপ্রেস
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলি: দ্য বিগিনিং’ বক্স অফিস থেকে আয় করেছিল ৬০০ কোটি রুপির বেশি। তবে বক্স অফিসে বিস্ফোরণ ঘটে ২০১৭ সালের ‘বাহুবলি ২: দ্য কনক্লুশন’ মুক্তির পর। বিশ্বব্যাপী রেকর্ড গড়ে ১৮০০ কোটি রুপির ব্যবসা করে ভারতীয় সিনেমাকে বৈশ্বিক মানচিত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যান প্রভাস-রাজামৌলি।
সিনেমার পাশাপাশি এই ফ্র্যাঞ্চাইজি উপন্যাস ও গ্রাফিক নোভেলেও বিস্তার লাভ করেছে। তবে ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হলো, ২০২৭ এবং ২০২৮ সালে মুক্তি পেতে চলেছে রাজকীয় অ্যানিমেটেড ফিল্ম ‘বাহুবলি: দ্য ইটার্নাল ওয়ার’ (পার্ট ১ ও ২)। যেখানে প্রিন্স বাহুবলিকে দেবতা ও অসূরের মধ্যকার এক মহাযুদ্ধে অংশ নিতে দেখা যাবে। এটি পরিচালনা করছেন পুরস্কারজয়ী নির্মাতা ইশান শুক্লা।
সব মিলিয়ে, মাহিশমতীর সাম্রাজ্য আরও বড় পরিসরে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত!





