রণদীপ হুদা-লিন লৈশরামের ঘরে কন্যাসন্তান

বলিউড অভিনেতা রণদীপ হুদা ও তার স্ত্রী লিন লৈশরামের ঘরে এসেছে কন্যাসন্তান। মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি করা হয় লিনকে। বেলা গড়াতেই তারকাদম্পতির জীবনে আসে সুখবর, মা হন লিন। খবর: পিঙ্কভিলা
প্রথম সন্তানের আগমনে দারুণ উচ্ছ্বসিত রণদীপ সামাজিকমাধ্যমে সেই সুখবর ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। তিনি লেখেন, ‘আজ আমি বাবা হলাম। আজকের দিনে আমার বাবার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। ধন্যবাদ লিন, আমাকে বাবা হওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং আমাদের সন্তানকে এই পৃথিবীতে আনার জন্য।
উল্লেখযোগ্য বিষয় হলো, ১০ মার্চ রণদীপের বাবারও জন্মদিন। তাই আবেগঘন বার্তায় সদ্যোজাত সন্তানের প্রথম ঝলক বাবার সঙ্গে ভাগ করে নিয়ে একই সঙ্গে ঠাকুরদা ও নাতনিকে শুভেচ্ছা জানান অভিনেতা। খবরটি সামনে আসতেই ইন্ডাস্ট্রির সহকর্মী ও ভক্তরা সামাজিকমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পতিকে।

এর আগে ২০২৫ সালের শুরুতে প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন লিন। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি গর্ভপাতের কারণে সন্তান হারাতে হয় তাদের। সেই কঠিন সময়ের কথা পরে এক সাক্ষাৎকারে স্মরণ করে লিন জানান, শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি এবং সেই ধাক্কা কাটিয়ে উঠতে সময় লেগেছিল।

পরে বছরের শেষ দিকে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হন লিন এবং তখনই সন্তান আগমনের খবর প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি। সন্তানের আগমনের প্রস্তুতিতেও ব্যস্ত হয়ে পড়েন তারা। নবজাতকের জন্য ঘর সাজানো থেকে শুরু করে সন্তানের নাম নিয়ে আলোচনাও শুরু করেছিলেন রণদীপ ও লিন। কয়েকটি নামও বেছে রাখা হয়েছিল, যদিও চূড়ান্ত কিছু তখনও ঠিক হয়নি। জানা গেছে, নবজাতকের সঙ্গে সময় কাটাতে আপাতত কাজ থেকে কিছুদিন বিরতি নেবেন রণদীপ হুদা।