বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়া ছাড়লেন রিয়া চক্রবর্তী

অনলাইনের বিভিন্ন সামাজিকমাধ্যমে অতি কোলাহলে বিরক্ত হয়ে সেখান থেকে সাময়িক বিরতি নিলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সাম্প্রতিক সময়ে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু ঘিরে খুবই বিধ্বস্ত অবস্থায় ছিলেন তিনি।
সুশান্তের মৃত্যুর পর বারবার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল ‘দোবারা’ অভিনেত্রীকে। এমনকি সংশোধনাগারেও ছিলেন এক মাস। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এসব বিষয় নিয়ে অতিরিক্ত ঘাঁটাঘাঁটি তাকে বিরক্ত করে তুলেছিল। পাশাপাশি মানসিক অস্থিরতাও তৈরি করত। অনলাইনের অবিরাম কোলাহল ও চাপ অসহনীয় হয়ে উঠছিল।
সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়ে অভিনেত্রী জানান, তিনি এখন নিজের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনে মনোযোগ দিতে চান এবং বাস্তব জীবনের মুহূর্তগুলোকে উপভোগ করতে চান।
অনলাইনে তাল মেলাতে পারছেন না জানিয়ে রিয়া বলেন, ‘এই দ্রুতগতির অনলাইন জগৎটি মানসিকভাবে ক্লান্তিকর হয়ে উঠছে।’ ইনস্টাগ্রামে শেয়ার করা একটি নোটে অভিনেত্রী জানান, তিনি অন্যদের সঙ্গে আপ-টু-ডেট থাকার চাপ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে চান।
ওই পোস্টে রিয়া অনুসারীদের সঙ্গে নিজের ভাবনাও শেয়ার করেন, ‘ইদানীং আমি নিজেকে একটু বেশি মিস করছি। রোল-ক্যামেরা, অ্যাকশনের জগৎ মিস করছি। আমি নীরবতা মিস করছি। আমি কেবল নিজের মতো করে থাকতে চাই।’
২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর রিয়ার বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগ ওঠে। অভিনেতার মৃত্যুর নেপথ্যে মাদকাসক্তি ও তা সরবরাহের অভিযোগও ওঠে তার প্রেমিকা-অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে।
অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে নেটফ্লিক্সের ড্রামা 'ফ্যামিলি বিজনেস'-এর মাধ্যমে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন রিয়া। এতে অনিল কাপুর, বিজয় ভার্মা, নেহা ধুপিয়া ও ধ্রুব সেহগালের মতো তারকারা অভিনয় করেছেন।
