logo

ভারত ছাড়ার নির্দেশে ইমরান খানের কামব্যাক সিনেমা মুক্তিতে অনিশ্চয়তা

ভারত ছাড়ার নির্দেশে ইমরান খানের কামব্যাক সিনেমা মুক্তিতে অনিশ্চয়তা
বলিউড অভিনেতা ইমরান খান। ছবি: হলিউড রিপোর্টার

বলিউড অভিনেতা ইমরান খান অভিনয় থেকে অনেকটাই দূরে আছেন। নিয়মিত ভারতেও থাকেন না তিনি, বসবাস করেন যুক্তরাষ্ট্রে। সেখানকার নাগরিকও তিনি। সম্প্রতি ভারতে এসে দেশটির ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ইমরান, আটকও হন। এরপর বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও সমাবেশে অংশ নেওয়ায় এই অভিনেতাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয় দেশটির ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। যার ফলে তার ‘কামব্যাক’ সিনেমা ‘আধুরে হাম আধুরে তুম’ মুক্তি নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

১০ অক্টোবর, ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ চলাকালে বলিউড অভিনেতা ইমরান খানকে আটক করা হয়। ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম এক্স
১০ অক্টোবর, ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ চলাকালে বলিউড অভিনেতা ইমরান খানকে আটক করা হয়। ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম এক্স

এই সিনেমার মাধ্যমে ইমরান দীর্ঘ ১১ বছরের বিরতির পর আবারও বলিউড ইন্ডাস্ট্রিতে ফিরতে যাচ্ছেন। তবে বড় পর্দায় নয়, এটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ১৮ ডিসেম্বর মুক্তির পরিকল্পনায় ছিল। কিন্তু অভিনেতার বর্তমান পরিস্থিতির কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে যেতে পারে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম মিড-ডে।

গণমাধ্যমটি সিনেমা–সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগামী নভেম্বর দীপাবলির পর ‘আধুরে হাম আধুরে তুম’-এর প্রচারণার পরিকল্পনা ছিল। ইমরানের এই জটিলতার কারণে এখন সিনেমাটির মুক্তির সময় পেছানো নিয়ে আলোচনা চলছে। তা ছাড়া নেটফ্লিক্সের পক্ষ থেকে এখনো যেহেতু আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি, তাই ডিসেম্বরে মুক্তি স্থগিত করার বিষয়টি জোরালোভাবে ভাবা হচ্ছে।

‘আধুরে হাম আধুরে তুম’ সিনেমায় ইমরানের বিপরীতে অভিনয় করেছেন ভূমি পেড়নেকর।
‘আধুরে হাম আধুরে তুম’ সিনেমায় ইমরানের বিপরীতে অভিনয় করেছেন ভূমি পেড়নেকর।

ইমরান খান সম্প্রতি মুম্বাইতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার পর বিপাকে পড়েন এবং আটক হন। ওই বিক্ষোভে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করা হয়। মার্কিন নাগরিকত্ব এবং ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী এই অভিনেতা পরবর্তীতে একটি দেশত্যাগের (ডিপোর্টেশন) নোটিশ পান, যেখানে তাঁকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। তবে এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইমরান সর্বশেষ ২০১৫ সালে ‘কাট্টি বাট্টি’ সিনেমায় অভিনয় করেন, যেটি পরিচালনা করেছিলেন নিখিল আদভানি। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন কঙ্গনা রানাউত। মুক্তির অপেক্ষায় থাকা ‘আধুরে হাম আধুরে তুম’ সিনেমাটি পরিচালনা করেছেন দানিশ আসলাম। এতে ইমরানের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভূমি পেড়নেকর।