বিজয়ের পথে হাঁটছেন না জনপ্রিয় তামিল অভিনেতা

এশিয়া পোস্ট বিনোদন
বিজয়ের পথে হাঁটছেন না জনপ্রিয় তামিল অভিনেতা
আপাতত রাজনীতির মাঠে নামতে অনীহা তামিল তারকা সুরিয়ার। ছবি: সংগৃহীত

যুগ যুগ ধরে বিনোদন অঙ্গনের অনেক তারকাই সিনেপর্দার পাশাপাশি নিজেদের জড়িয়েছেন রাজনৈতিক ময়দানে। এর সর্বশেষ উদাহরণ দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। সম্প্রতি নির্বাচনে জয়ী হয়ে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। বিজয়ের এই রাজনৈতিক সাফল্যের পরপরই ভারতের দক্ষিণী সিনেমাপাড়ায় নতুন গুঞ্জন ডালপালা মেলেছে। বিজয়ের পদাঙ্ক অনুসরণ করে নাকি রাজনীতিতে নামছেন তামিল সিনেমার আরেক জনপ্রিয় তারকা সুরিয়া। ভক্তদের প্রশ্ন—বিজয়ের দেখানো পথেই কি হাঁটবেন তিনি?

Advertisement

সব জল্পনার সূত্রপাত সুরিয়ার ‘ফ্যান ক্লাব’-এর প্রশাসনিক সদস্যদের একটি বৈঠক থেকে। সেখানে আর ভিরামণি নামের এক অনুরাগী মন্তব্য করেন, ‘সময় ও ঈশ্বর চাইলে কাউকে জননেতা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।’ এই মন্তব্য ছড়িয়ে পড়তেই অনেকে ধরে নেন, তামিল সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের অন্যতম সুরিয়া হয়তো শিগগির রাজনীতির ময়দানে পা রাখছেন।

তবে বিতর্ক বাড়ার আগেই জল ঢেলে দিয়েছে ‘অল-ইন্ডিয়া সুরিয়া ফ্যানস ক্লাব’। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তারা সাফ জানিয়েছে, সুরিয়ার রাজনীতিতে আসার কোনো ইচ্ছাই নেই। ভাইরাল হওয়া মন্তব্যটি ওই অনুরাগীর একান্তই ব্যক্তিগত মত এবং এর সঙ্গে ফ্যান ক্লাবের কোনো সম্পর্ক নেই। বিবৃতিতে বলা হয়, ‘সুরিয়া নিজের জনকল্যাণমূলক সংস্থা ও সামাজিক উদ্যোগের মাধ্যমেই মানুষের সেবা করতে ভালোবাসেন, ক্ষমতার রাজনীতিতে নয়।’

উল্লেখ্য, অভিনেতা বিজয় ২০০৮ সাল থেকে ফ্যান ক্লাবের মাধ্যমে নানা সামাজিক কাজ করে অবশেষে নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগম’ (টিভিকে) গঠন করেন এবং আজ তিনি সফল।

তবে ভক্তদের হতাশ করে সুরিয়া আপাতত অভিনয়েই মনোনিবেশ করছেন নিজেকে। ফলে প্রিয় তারকাকে এখনই রাজপথে দেখার কোনো সম্ভাবনা নেই—পর্দাতেই তার ম্যাজিক উপভোগ করতে হবে ভক্তদের।