বিতর্ক ছাপিয়ে ঝড় তুলেছে রামচরণ-জাহ্নবীর ‘পেদ্দি’

বহুল প্রতীক্ষিত তেলেগু সিনেমা ‘পেদ্দি’ অবশেষে মুক্তি পেয়েছে। মুক্তির পরপরই এটি ঝড় তুলেছে পর্দায়। বুচি বাবু সানার পরিচালনায় এই স্পোর্টস অ্যাকশন ড্রামায় জুটি বেঁধেছেন গ্লোবাল স্টার রামচরণ ও বলিউড ডিভা জাহ্নবী কাপুর।
বড় পর্দায় খেলাধুলা বা শারীরিক কসরত বিষয়ক সিনেমা বরাবরই দর্শকনন্দিত ও পছন্দের শীর্ষে থাকে। ভারতীয় ইন্ডাস্ট্রিতে এ ধরনের বেশ কিছু সিনেমা বক্স অফিসে চূড়ান্ত সাফল্য অর্জন করে। আমির খানের ‘দঙ্গল’ ভারতীয় সিনেমার সর্বকালের ব্যবসাসফল তালিকার শীর্ষে। এবার পর্দায় হাজির হয়েই রামচরণ সাফল্য দেখাচ্ছেন।
‘পেদ্দি’-তে বিভিন্ন রূপে হাজির হয়েছেন রামচরণ। তার দুর্দান্ত অভিনয় সর্বমহলে প্রশংসাও পাচ্ছে। সুনিপুণ গল্প ও পরিকল্পিত নির্মাণশৈলীর কারণে দর্শক আকর্ষণের পাশাপাশি বক্স অফিসেও ধামাকা ফেলেছে সিনেমাটি। এরই মধ্যে ‘পেদ্দি’র আয় ছাড়িয়েছে ২০০ কোটি রুপি।
সিনেমার গল্প আবর্তিত হয়েছে স্পোর্টস বা খেলাধুলোকে কেন্দ্র করে। ২০১৬ সালের অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক মিটিংয়ে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের পর, বোমান ইরানির চরিত্রটি দেশ থেকে অলিম্পিক জয়ী তৈরির এক মিশনে নামেন। সে পথেই তার খোঁজ মেলে গ্রামের এক অসাধারণ প্রতিভাবান তরুণ ‘পেদ্দি’র। যে শুধু ক্রিকেটেই সেরা নয়, কুস্তি এবং প্যারাঅলিম্পিকেও সমান পারদর্শী! একজন সাধারণ গ্রাম্য যুবক কীভাবে এই তিন খেলায় বিশ্বমঞ্চ কাঁপাল, তা নিয়েই সিনেমার মূল গল্প। সূত্র: ফ্রি প্রেস জার্নাল
পুরো সিনেমাটি একাই টেনে নিয়ে গেছেন মেগা পাওয়ার স্টার রামচরণ। তার নাচ, অ্যাকশন এবং অনবদ্য স্ক্রিন প্রেজেন্স দর্শকদের চোখ ফেরাতে দেবে না। অন্যদিকে, প্রথমার্ধে জাহ্নবী কাপুরের চরিত্রটি কিছুটা হালকা হলেও দ্বিতীয়ার্ধে তিনি দারুণ কামব্যাক করেছেন। তবে যে একটু বিতর্ক দেখা দিয়েছে, তা মূলত জাহ্নবী কাপুরকে ঘিরেই। মূল নায়িকা ‘আচিয়াম্মা’ চরিত্রে জাহ্নবীকে কেবল ‘শারীরিক আকর্ষণের বস্তু’ হিসেবে দেখানো হয়েছে বলে কথা উঠেছে।
এ ছাড়া খলনায়ক চরিত্রে জগপতি বাবু দর্শকদের গায়ে কাঁটা দেবেন। শিব রাজকুমারের শান্ত অথচ শক্তিশালী অভিনয় সিনেমাটিকে অন্য মাত্রা দিয়েছে। পরিচালক বুচি বাবু সানা এবং রামচরণকে এই সিনেমার ‘দুটি আত্মা’ বলা যায়।
অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান তার অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর এবং গান দিয়ে প্রমাণ করেছেন কেন তিনি ‘মিউজিক মায়োস্ত্রা’। সিনেমার চমৎকার সিনেমাটোগ্রাফি এবং ভিএফএক্স একে একটি ভিজ্যুয়াল স্পেক্টাকলে রূপান্তর করেছে।
মোদ্দাকথা, পুরো পরিবার নিয়ে দেখার মতো একটি পয়সা উশুল ধামাকা সিনেমা ‘পেদ্দি’। হলফেরত দর্শকদের মতে, ‘পেদ্দি’ সিনেমাটি একটি মাস্টারপিস। কোনোমতেই মিস না করার মতো।
